চমকের নাম ফিওরেন্টিনা

ইতালিতে একের পর এক ‘ভুতুড়ে’ কাণ্ডই ঘটছে! ১৯৬৯ সালের পর যারা কখনো সিরি ‘আ’ জেতেনি, সেই ফিওরেন্টিনা এখন শীর্ষে! গত চার মৌসুমের চ্যাম্পিয়ন জুভেন্টাস পয়েন্ট তালিকার ১২ নম্বরে। পরশু নাপোলির কাছে এসি মিলানের ৪-০ গোলের হারটাকেও তো বিস্ময়ই বলতে হবে!
তবে সবচেয়ে বড় বিস্ময় ফিওরেন্টিনাই। গত সপ্তাহে ইন্টার মিলানকে ৪-১ গোলে হারানোটা যে ‘ফ্লুক’ ছিল না, সেটা এরই মধ্যে প্রমাণিত। পরশু আটালান্টাকে ৩-০ গোলে হারিয়ে অব্যাহত ‘লা ভায়োলা’দের অগ্রযাত্রা। শেষ পর্যন্ত কি তা-ই থাকবে? সাবেক ইতালি কোচ মার্সেলো লিপ্পির কথা অবশ্য তাদের আশা দিতে পারে, ‘আমার মনে হয় ওরা শীর্ষস্থান ধরে রাখতে পারবে। একগুচ্ছ তরুণ খেলোয়াড় ও ভালো একজন কোচ আছে তাদের।’ লিপ্পি যাঁকে ‘ভালো কোচ’ বলছেন, মৌসুমের শুরুতে সেই পাওলো সোসাকে যখন বাসেল থেকে এনেছিল ফিওরেন্টিনা, ভুরু কুঁচকে গিয়েছিল অনেকেরই।
নাপোলি এখনো পয়েন্ট তালিকার ছয়ে। তবে লাৎসিওকে ৫-০ ও জুভেন্টাসকে ২-১ গোলে হারানোর পর এসি মিলানকেও উড়িয়ে দিয়ে অন্য দলগুলোকে একটা সতর্কবাণীই শুনিয়েছে নেপলসের দলটি। এএফপি, ফুটবল ইতালিয়া।