চমকের নাম লাইপজিগ
গতকাল সকালে ঘুম থেকে উঠে রেড বুল লাইপজিগ সমর্থকেরা হয়তো নিজেদের গায়ে চিমটি কেটেছেন। এটা স্বপ্ন নয় তো! বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বেয়ার লেভারকুসেন...সব দল তাদের নিচে! পরশু লেভারকুসেনের মাঠে দুবার পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতে শীর্ষে উঠে এসেছে লাইপজিগ।
কাল রাতে ডর্টমুন্ডের বিপক্ষে জিতে থাকলে বায়ার্ন আবার গোল ব্যবধানে এগিয়ে উঠে গেছে ওপরে। তা উঠুক, লাইপজিগের সেটি নিয়ে ভাবতে বয়েই গেছে। এবারই প্রথম বুন্দেসলিগায় উঠে এসেছে ২০০৯ সালে নতুন নামে প্রতিষ্ঠিত ক্লাবটি। এসেই চমক! মৌসুমে ১১টি ম্যাচ খেলেছে তারা, আটটিতেই জিতেছে, ড্র বাকিগুলো। কোনো হার নেই। প্রথমবারের মতো জার্মানির শীর্ষ লিগে এসে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আর কোনো ক্লাবের নেই।
কম বাজেটের ‘পুঁচকে’ দলটি হার না-মানা মানসিকতা দেখাল পরশুও। ম্যাচের প্রথম মিনিটেই লেভারকুসেনের কেভিন কেম্পলের গোল, সেটি ৩ মিনিট পরই শোধ করে লাইপজিগ, যদিও আত্মঘাতী গোলে। ৪৫ মিনিটে জুলিয়ান ব্রান্ট লেভারকুসেনকে দ্বিতীয়বার এগিয়ে দেওয়ার পর ৬৭ মিনিটে আবারও ম্যাচে সমতা ফেরান এমিল ফোর্সবার্গ। এরপর ৮১ মিনিটে উইলি ওরবানের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাইপজিগ। বিবিসি।