চমকের নাম সানচেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোল্যান্ডের বিপক্ষে পর্তুগালকে স্বস্তি এনে দেওয়া গোলের পর রেনাতো সানচেস l এএফপি
পোল্যান্ডের বিপক্ষে পর্তুগালকে স্বস্তি এনে দেওয়া গোলের পর রেনাতো সানচেস l এএফপি

১৮ বছর বয়সই স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি, এই বয়সেই উঁকি মারে বিরাট দুঃসাহসেরা। এই মুহূর্তে রেনাতো সানচেসের জন্যই হয়তো কথাটা সবচেয়ে প্রযোজ্য। পরশু পোল্যান্ডের সঙ্গে ম্যাচটি বলে দিল পর্তুগাল আরেকটি রত্ন পেয়ে গেছে। ১৮ বছর বয়সী সানচেসই আসলে বাঁচিয়ে দিয়েছেন দলকে!
লেভানডফস্কির গোলে পর্তুগাল পিছিয়ে পড়ার পর সানচেসই বাঁ পায়ের বুলেট শটে এনেছেন সমতা। তবে ঠিক ওই গোল দিয়ে এই মিডফিল্ডারের অবদান ঠিক বোঝা যাবে না। পুরো ম্যাচেই চরকির মতো পাক খেয়েছেন মাঠজুড়ে। আক্রমণের মতো রক্ষণেও ছিলেন সমান মনোযোগী। পুরো ম্যাচে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশিবার বলে পা ছুঁইয়েছেন (৯৭ বার)। ইউরোর নকআউট পর্বে তাঁর চেয়ে কম বয়সে আর কেউ গোল করতে পারেননি। যোগ্যতম হিসেবেই ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে সানচেসের হাতেই।
জন্ম বেনফিকায়, কেপভার্দিয়ান মা ও সাউতোমিয়ান বাবার ঘরে। পেশাদার ফুটবলে অভিষেক মাত্রই গত অক্টোবরে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচে বদলি হিসেবে নেমেই আলো কেড়ে নিয়ে হয়েছেন ম্যাচসেরা। পরশু পোল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যা করলেন, তাতে তাঁকে এই ইউরোর অন্যতম সেরা আবিষ্কার বলতেই হচ্ছে। ইউরো শুরুর আগেই সানচেসকে দলে নিতে চেষ্টা করেছিল অনেক বড় ক্লাব। কিন্তু রত্নটিকে আগেভাগেই চিনতে পেরে বায়ার্ন মিউনিখ তাঁকে তুলে নিয়েছে সাড়ে তিন কোটি ইউরোর বিনিময়ে। বেনফিকার হয়ে মাত্র এক মৌসুম খেলা আনকোরা একজন খেলোয়াড়ের জন্য এই মূল্যটা কারও কাছে যদি একটু বেশি মনে হয়েই থাকে, তিনি হয়তো উত্তর পেয়ে গেছেন।
তবে পরশু সানচেসের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ছিল টাইব্রেকারে। রোনালদোর পরেই স্পটকিক নিতে গেলেন। কিন্তু বয়সজনিত স্নায়ুচাপের কোনো চিহ্নই নেই! ঠান্ডা মাথায় পেনাল্টি জালে জড়িয়ে দিলেন বল। বয়সের তুলনায় তাঁর পরিণতিবোধ বুঝিয়ে দিয়েছেন কথায়ও, ‘আমি শুধু গোল করার কথাই ভাবছিলাম। মাথা খুবই ঠান্ডা ছিল আমার। সব সময় যেটা করি, একটা দিক বেছে বলটা সেদিকেই পাঠিয়ে দিয়েছি।’
গত মার্চে প্রথমবার ডাক পান জাতীয় দলে। সানচেস এরপর সুযোগ পেয়ে গেলেন ইউরোর দলেও। গ্রুপের দুটি ম্যাচে বদলি নেমে কয়েকটি ঝলক দেখালেও পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস প্রথম একাদশে নামানোর সাহস পাননি। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে সানচেসের পারফরম্যান্সের পর সান্তোস আর উপেক্ষা করতে পারলেন না, কোয়ার্টার ফাইনালে নামিয়ে দিলেন প্রথম একাদশেই। বাকিটা ইতিহাস। পর্তুগাল কোচের কথা তরুণ মিডফিল্ডারকে অনুপ্রেরণাও দেবে, ‘রেনাতো দারুণ খেলেছে। এখনো তার অনেক কিছুই দেওয়ার আছে, সে এখনো বিকশিত হচ্ছে। এর চেয়ে ভালো সানচেসকে আমরা সামনে দেখতে পাব। সেটা করার মতো সবকিছুই ওর আছে।’
পর্তুগাল নিশ্চয়ই চাইবে, সান্তোসের মুখে ফুলচন্দন পড়ুক! সূত্র: এএফপি, রয়টার্স।