চমকের বছরে রোনালদোর হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আর মাত্র কয়েক দিন। দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৬। খেলাধুলার জগতে কেমন গেল বছরটা? পেছনে ফিরে তাকালে উঠে আসবে হাসি-কান্না-প্রাপ্তি-অপ্রাপ্তির কত উপাখ্যান! ধারাবাহিক বর্ষপরিক্রমায় আজ থাকছে আন্তর্জাতিক ফুটবল
ইউরোর ট্রফি হাতে উল্লাস করেছে রোনালদোর পর্তুগাল। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগও জিতেছেন পর্তুগিজ ফরোয়ার্ড l ফাইল ছবি
ইউরোর ট্রফি হাতে উল্লাস করেছে রোনালদোর পর্তুগাল। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগও জিতেছেন পর্তুগিজ ফরোয়ার্ড l ফাইল ছবি

চমক! সেটি শেষ হতে না হতেই আরও চমক!
আন্তর্জাতিক ফুটবলে ২০১৬ সালটা তো গেছে এমনই। লেস্টার সিটি রূপকথা লিখেছে, চমক দেখিয়ে শিরোপা উৎসবে মেতেছে পর্তুগাল। আর্জেন্টিনাকে চমকে দিয়ে শতবার্ষিকী কোপা আমেরিকা জিতেছে চিলি। আর রিয়াল মাদ্রিদ? এই বছরে যে জিনেদিন জিদানের দল এত এত সাফল্য পাবে, বছরের শুরুতে সেটি কজনই বা ভাবতে পেরেছিলেন!
তা এত চমকের ভিড়ে শেষ হাসিটা কার? একটা মুখই মনে পড়ার কথা, ক্রিস্টিয়ানো রোনালদো! কী ব্যক্তিগত, কী দলীয়—সব জায়গাতেই সাফল্যের হাসি হেসেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড।
বছরটা শুরু হয়েছিল অবশ্য লিওনেল মেসির হাসি দিয়ে। ১১ জানুয়ারি জুরিখে ফিফা ব্যালন ডি’অর জেতেন বার্সেলোনা ফরোয়ার্ড। বছরটা খারাপও কাটেনি তাঁর। ৫৬ গোল করেছেন, অ্যাসিস্ট ৩৪টি—এই বছরে যা সর্বোচ্চ। বার্সার হয়ে স্প্যানিশ লিগ ও কাপ জিতেছেন, জিতেছেন স্প্যানিশ সুপার কাপও। কিন্তু চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ। সেটির চেয়েও মেসির কাছে যেটি কাঁটা হয়ে বিঁধবে, তা হলো আরও একবার আন্তর্জাতিক মঞ্চ থেকে কান্না নিয়ে ফেরা!
আগের দুই বছরের মতো এবারও আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছিলেন আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে। এবারের টুর্নামেন্টটাও বিশেষ—শতবার্ষিকী কোপা আমেরিকা। কিন্তু ফাইনালে গিয়ে আবারও অচেনা মেসি, আর্জেন্টিনাও ছন্দহীন। ২০১৫ কোপা আমেরিকার মতো এবারও টাইব্রেকারে চিলির কাছে হেরে গেল টুর্নামেন্ট-পূর্ব হট ফেবারিট আর্জেন্টিনা। মেসির জন্য আরও বড় কালিমা, টাইব্রেকারে দলের প্রথম পেনাল্টিটা নিতে গিয়ে সেটি উড়িয়ে মারলেন ‘আকাশে’। রাগে, ক্ষোভে, অপমানেই কিনা, ম্যাচের পরই ‘অবসরে’ যান আর্জেন্টিনা অধিনায়ক। অবশ্য নতুন কোচ এদগার্দো বাউজার অনুরোধে সেপ্টেম্বরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচেই আবার অবসর ভেঙে ফিরে আসেন।
মেসি এক আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল শেষে কেঁদেছেন। আরেক টুর্নামেন্টের ফাইনালে কেঁদেছিলেন রোনালদোও। তবে সেটি ক্ষণিকের।
টুর্নামেন্ট-পূর্ব সব সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে পর্তুগালকে ইউরোর ফাইনালে নিয়ে গিয়েছিলেন রোনালদো। নিজের—পর্তুগালেরও—একটি আন্তর্জাতিক শিরোপার আজন্ম আক্ষেপ ঘোচানোর হাতছোঁয়া দূরত্বে। কিন্তু স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে সেই ফাইনালের ২৪তম মিনিটেই স্বপ্নটা খেল বড় ধাক্কা, চোট পেয়ে মাঠ ছেড়ে যান রোনালদো! কিন্তু অধিনায়কের কান্নাটাকেই যেন শক্তিতে রূপান্তর করে পর্তুগাল, অতিরিক্ত সময়ে এডারের গোলে জিতে নেয় শিরোপা! শুরুতে রোনালদোর কান্নাটা তাই ম্যাচ শেষে রূপ নিল চওড়া হাসিতে।
জাতীয় দলে সফল, ক্লাবেও বছরজুড়েই শিরোপার উৎসবেই কেটেছে রোনালদোর। হ্যাঁ, লিগ জিততে না পারার আক্ষেপ থাকবে। ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর মাত্র একবারই লিগ শিরোপার স্বাদ পেয়েছেন রোনালদো। স্পেনে সাফল্য না আসুক, আন্তর্জাতিক সবগুলো ট্রফিই তো জিতে নিয়েছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের পর উয়েফা সুপার কাপ, তারপর দিন তিনেক আগে জিনেদিন জিদানের দল জিতেছে ক্লাব বিশ্বকাপও! সর্বশেষ শিরোপাটিও এসেছে রোনালদোর হ্যাটট্রিকে! টুর্নামেন্টের আগেই অবশ্য ব্যালন ডি’অরটা নিজের করে নিয়েছেন পর্তুগিজ যুবরাজ।
অভাবিত সাফল্য পেয়েছে লেস্টার সিটিও। রীতিমতো রূপকথা! সব অনুমানকে ভুল প্রমাণ করে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিয়েছে ক্লদিও রানিয়েরির দল, ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথম! অথচ আগের মৌসুমেও অবনমন এড়াতে লড়েছিল লেস্টার। তবে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত খেললেও লিগে আবারও পপাৎ-ধরণিতল লেস্টার। রাশিয়াতেও ‘লেস্টার রূপকথা’ প্রায় লিখেই ফেলেছিল রোস্তোভ, তবে তারা হয়েছে দ্বিতীয়। ইউরোতে আইসল্যান্ড, ওয়েলসও দেখিয়েছে চমক।
এই বছরটা ছিল অলিম্পিকেরও। দেশের মাটিতে সেই অলিম্পিকের ফুটবল ‘সাম্বার ছন্দে’ মাতিয়েছেন নেইমার। জেসুস-বারবোসাদের নিয়ে ঘুচিয়ে দিয়েছেন ব্রাজিলের ট্রফি ক্যাবিনেটের এত দিনের একমাত্র হাহাকার—অলিম্পিক সোনা!
রোনালদো, রিয়াল, পর্তুগাল, চিলি, লেস্টারের ভিড়ে বছরটা তাই কিছুটা ব্রাজিলেরও!
জিদান-জাদু
৪ জানুয়ারি যখন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন, অনেক সংশয় ছিল জিনেদিন জিদানকে ঘিরে। প্রথম কোনো সিনিয়র দলের কোচিং, সেটিই রিয়ালের মতো দলে! ফাস্ট ফরোয়ার্ড করে বর্তমানে আসুন, মাঠের জিদানের মতো ডাগআউটের জিদানেও মুগ্ধ সবাই। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭ ম্যাচে অপরাজিত জিদানের রিয়াল, যা ক্লাব রেকর্ড। এমনই অবস্থা, জিদানের অধীনে রিয়াল ম্যাচ হেরেছে মাত্র দুটি, অথচ ট্রফিই জিতেছে তার চেয়ে একটি বেশি—চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ!