চলছে পাগলা ইংলিশ মৌসুমের রোমাঞ্চ

৪৩৮ ম্যাচ পর ঘরের মাঠে ৫ গোল খেল ম্যানচেস্টার সিটি।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু হতে না হতেই রোমাঞ্চিত করছে সবাইকে। এমনিতেই কোভিড-১৯ এর কারণে দর্শকবিহীন ম্যাচগুলো কেমন যেন অন্যরকম পরিবেশ তৈরি করছে, তার ওপর প্রতিদিনই প্রায় অপ্রত্যাশিত ফল এবারের প্রিমিয়ার লিগকে অননুমেয় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। এখনো পর্যন্ত যা যা ঘটছে, তাতে এবারের লিগ যদি প্রত্যাশা বা সম্ভাবনার বাইরে কোনো দল জিতে যায়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

লিভারপুল কাল অ্যাস্টন ভিলার কাছে হেরেছে ৭–২ গোলে। ৬৭ বছর কোনো ইংলিশ চ্যাম্পিয়ন ৭ গোল হজম করল।
ছবি: রয়টার্স

এত বড় একটা কথা বলে দেওয়ার জন্য বোধ হয় একটু আগেভাগেই হয়ে গেল সময়টা। লিগ তো মাত্র শুরু হলো। দলগুলো পাঁচটি করেও ম্যাচ এখনো পর্যন্ত খেলেনি। কিন্তু এই ক’দিনেই যা যা ঘটেছে, তাতে ফুটবলবোদ্ধাদের মনে এমন কিছু খেলা করতেও পারে। গতকাল রাতে লিভারপুলের ম্যাচটার কথাই ধরুন। অ্যাস্টন ভিলার কাছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা হেরেছে ৭-২ গোলে। ১৯৫৩ সালের পর এই প্রথম ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের শিরোপাধারী কোনো দল ৭ গোল হজম করল। ৬৭ বছর আগে চ্যাম্পিয়ন আর্সেনাল সান্দারল্যান্ডের বিপক্ষে ৭ গোল খাওয়ার পর ব্যাপারটি তো প্রায় ভুলেই গিয়েছিল সবাই।

লিভারপুলের সমর্থকদের বুকে বিঁধছে এই স্কোরলাইন
ছবি: রয়টার্স

লিভারপুলের ম্যাচই শুধু নয়। রানার্সআপ ম্যানচেস্টার সিটির কী হাল হলো লেস্টারের বিপক্ষে? গত সপ্তাহে পেপ গার্দিওলার সোনায় মোড়া দল হারল ৫-২ গোলে। ৪৩৮ ম্যাচ পর নিজেদের মাঠে পাঁচ-পাঁচটি গোল হজম করার এই ব্যাপারটিও ইংলিশ লিগের সূচনা লগ্নকে ভিন্ন মাত্রা দিয়েছে। ক্যারিয়ারে এই প্রথম কোচ হিসেবে নিজের দলকে পাঁচ গোল খেতে দেখলেন গার্দিওলা।

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কাল রীতিমতো খেলেছেন হ্যারি কেনরা।
ছবি: রয়টার্স

লিভারপুলের ম্যাচের আগেই তো আরও একটা অদ্ভুত ম্যাচ দেখল ফুটবলপ্রেমীরা। একটু আগেই ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহাম হটস্পারের কাছে হেরে গেল ৬-১ গোলে। এটিকে অদ্ভুতুড়ে ম্যাচ বলা যাবে না কেন? খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে ইউনাইটেড যখন এগিয়ে গেল, তখন ডাগ আউটে কোচ ওলে গুনার সুলশারের মুখে তৃপ্তির ছোঁয়া। কিন্তু সেই তৃপ্তিই যে দুশ্চিন্তা আর আশঙ্কায় রূপ নেবে, সেটি তখন কে ভেবেছিল। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া টটেনহাম এরপর ইউনাইটেডকে নিয়ে কেবল খেলল। প্রতিপক্ষের রক্ষণ-দুর্বলতা, লাল কার্ডে দশজনে পরিণত হওয়া তো ছিলই। কিন্তু তাই বলে ইউনাইটেডের জালে এর পরের ৭৭ মিনিটে ৬ গোল! তাঙ্গুই এনদম্বেলের গোল দিয়ে শুরু। এরপর সন, হ্যারি কেনের জোড়া গোলের মাঝে গোল-উৎসবে যোগ দিলেন সার্জ অরিয়ের। এ সপ্তাহে ৪১ গোল দেখেছেন ফুটবলপ্রেমীরা। যদিও নির্দিষ্ট একটি সপ্তাহে একটি সর্বোচ্চ গোলের রেকর্ড নয়, কিন্তু এতে কিন্তু দুর্ধর্ষ একটা মৌসুমেরই ইঙ্গিত থাকছে। এখন পর্যন্ত ৩৮ ম্যাচ হয়েছে, তাতেই ১৪৪টি গোল দেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। অপ্রত্যাশিত সব ব্যাপারগুলোই কিন্তু উত্তেজনায় ঠাসা একটা মৌসুমের প্রতিশ্রুতি।

এই স্কোরলাইন অদ্ভূতুড়ে এক লিগেরই ইঙ্গিত দিচ্ছে।
ছবি: রয়টার্স

গত দুই মৌসুমেই ৯০-এর বেশি পয়েন্ট পেয়ে লিগ জিতেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। ২০১৮-১৯-এ তো লিভারপুল সিটির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছিল। প্রায় শ’খানেক পয়েন্ট নিয়ে লিগের ভাগ্য নির্ধারণ অবশ্য খুব একটা পছন্দ নয় অনেকেরই। এতে লিগের অনুনমেয়তা কিংবা রোমাঞ্চের ঘাটতি হয় বলেই মনে করেন তারা। লিভারপুলের সাবেক রক্ষণ তারকা জেমি কারাঘারই যেমন খুব করেই চান প্রিমিয়ার লিগ আগের সেই ৮০-৮৫ পয়েন্টে নিষ্পত্তি হওয়ার দিনগুলিতে ফেরত যায়, ‘৯৫ পয়েন্টে লিগ নিষ্পত্তি হওয়াটা দুর্দান্ত। কিন্তু সত্যি বলতে কী, এতে লিগের আকর্ষণ, উত্তেজনা, রোমাঞ্চ অনেকাংশেই নষ্ট হয়। আমি সেই দিনগুলিতে ফেরত যেতে চাই যখন ৮০-৮৫ পয়েন্ট নিয়ে লিগ জিতত দলগুলো। এর মানে লিগ জিতলেও সেই দলটিকে বেশ কয়েকটি ম্যাচ হারতে হতো। লিগের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দলগুলোও চ্যাম্পিয়ন ও রানার্সআপদের চেয়ে খুব বেশি পয়েন্টে পিছিয়ে থাকত না।’

এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে শীর্ষে আছে এভারটন
ছবি: রয়টার্স

এ মৌসুমটা যেভাবে শুরু হয়েছে, তাতে তেমন কিছুর স্বপ্ন দেখাই যায়। এমনিতেই কোভিড বিধির কারণে মাঠে দর্শক নেই। তাই নিজ মাঠে খেলাটা খুব বড় সুবিধা হয়ে উঠছে না দলগুলোর জন্য। এরই মধ্যে যে চার রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে তাতে নিজ মাঠে খুব বেশি ম্যাচ জেতা হয়নি দলগুলির। এমনটা কিন্তু সর্বশেষ পাঁচ মৌসুমে দেখেনি কেউ। সূচিও এবার বেশ আঁটসাঁট। দুই ম্যাচের মধ্যে খুব বেশি সময় পাচ্ছে না দলগুলো। প্রাক-মৌসুম প্রস্তুতির সুযোগও পাওয়া যায়নি সেভাবে। তবে খালি স্টেডিয়ামে খেলাটাও প্রতিদ্বন্দ্বিতা ও গোলের সংখ্যা বাড়ার একটা বড় কারণ। বিশ্লেষকেরা বলছেন, দর্শক না থাকার কারণে প্রতিটি দলের খেলোয়াড়েরাই অনুশীলন মাঠের মতো একটা পরিবেশ পাচ্ছেন। এই পরিবেশ গোলের সংখ্যা বাড়তে একটা ভূমিকা রাখে বলেই তাদের ধারণা।

তবে কাল লিভারপুল-অ্যাস্টন ভিলা ম্যাচটা ছোট দলগুলোকে অনুপ্রাণিত করে তুলতে পারে। লিভারপুল তারকা কারাঘারের মতে, অ্যাস্টন ভিলার মতো দল গত মৌসুমেই কোনোমতে অবনমন এড়িয়েছে। এখন এই দলটির মতো যদি অন্যান্যরাও একইভাবে খেলতে পারে, তাহলে এবারের লিগে ভিন্ন কিছু দেখা যেতেই পারে। চার রাউন্ড শেষে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এভারটন—এটাই এবারের প্রিমিয়ার লিগের ধরন কিনা, কে জানে! যেভাবে লিগ চলছে, তাতে ফুটবলপ্রেমীরা যদি আরও বড় বড় ধাক্কা খান তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।