চলে গেলেন কার্লোস আলবার্তো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭০ বিশ্বকাপ হাতে কার্লোস আলবার্তো l ফাইল ছবি
১৯৭০ বিশ্বকাপ হাতে কার্লোস আলবার্তো l ফাইল ছবি

জেয়ারজিনহোর পাস থেকে বল পেলেন পেলে, আড়চোখে দেখলেন ডান পাশ দিয়ে উঠে আসছেন কার্লোস আলবার্তো। আলতো করে পাস দিলেন তাঁকে, প্রথম স্পর্শেই আলবার্তো গোলার মতো শটে বল পাঠিয়ে দিলেন জালে। ১৯৭০ বিশ্বকাপের ওই মহাকাব্যিক ফাইনালের তো বটেই, ফুটবল ইতিহাসেরই সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে আছে ওই গোল। যাঁর পা থেকে সেটি এসেছিল, সেই কার্লোস আলবার্তো কাল চিরতরে চলে গেলেন। ৭২ বছর বয়সে নিজের শহর রিও ডি জেনিরোতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।
তিন দিন আগেও ব্রাজিলের স্পোরটিভিতে একটা অনুষ্ঠানে এসেছিলেন। কিন্তু একরকম হুট করেই চলে গেলেন অন্যলোকে। সত্তরের ওই কিংবদন্তি ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন আলবার্তো, ফাইনালে ব্রাজিলের ওই অবিস্মরণীয় চতুর্থ গোলটাও করেছিলেন। নিজের সময়ের তো বটেই, সর্বকালেরই অন্যতম সেরা ডিফেন্ডার বলা হয় তাঁকে। ব্রাজিলের হয়ে খেলেছিলেন ৫৩ ম্যাচ, করেছিলেন ৮ গোল। বিংশ শতকের সেরা একাদশেও ঠাঁই পেয়েছিলেন।
ক্লাব ফুটবলে লম্বা একটা সময় পেলের সতীর্থ হয়ে খেলেছিলেন সান্তোসে। পরে ১৯৭৪ সালে ফিরে গিয়েছিলেন নিজের প্রথম ক্লাব ফ্লুমিনেন্সে। সেখান থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমসে, পুনর্মিলনী সতীর্থ পেলের সঙ্গে। এরপর ক্যালিফোর্নিয়া সার্ফে ঘুরে আবার সেই কসমস থেকেই বিদায় নিয়েছেন।

কোচিং ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ফ্ল্যামেঙ্গোতে। পরে করিন্থিয়ানস ও বোটাফোগোরও কোচ হয়েছিলেন। ওমান ও নাইজেরিয়ার জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০৫ সালে আজারবাইজানের কোচ ছিলেন। এএফপি, বিবিসি।