চলে গেলেন জিতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিতো
জিতো

চলে গেলেন ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপজয়ী ফুটবলার জিতো। গত রোববার ৮৪ বছর বয়সে সান্তোসে মারা গেছেন ১৯৫৮ ও ১৯৬২ সালে বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডার। তাঁর সাবেক ক্লাব সান্তোস কাল খবর জানালেও মৃত্যুর কারণ উল্লেখ করেনি।
কিংবদন্তি পেলের দীর্ঘদিনের ক্লাব ও জাতীয় দল সতীর্থ জিতো ১৯৬২ বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন। চিলি বিশ্বকাপের ফাইনালে চেকোস্লোভাকিয়াকে ৩-১ হারিয়েছিল ব্রাজিল। ১৯৬২ ও ১৯৬৩ সালে সান্তোসের হয়ে কোপা লিবার্তাদোরেসও জিতেছেন জিতো। অবসরের পর সান্তোসের কোচিং স্টাফের অংশ হয়ে জিতো বড় ভূমিকা রাখেন রবিনহো ও নেইমারকে ক্লাবে নিয়ে আসতে। কোপা আমেরিকা খেলতে নেইমার এখন আছেন চিলিতে, সেখান থেকেই জিতোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাজিল অধিনায়ক। ক্যারিয়ার গড়তে সাহায্য করার জন্য ব্রাজিলিয়ান তারকা ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন, ‘তাঁর সম্পর্কে বলার মতো ভাষা আমার জানা নেই। আমার জন্য আপনি যা করেছেন আমি শুধু সেটার মূল্যায়নই করতে পারি। ...ধন্যবাদ জিতো।’ এএফপি।