চলে গেলেন ফুটবলার মসি সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলতে খেলতেই পরপারে চলে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার মসি সালাম। পরশু চট্টগ্রামে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট খেলছিলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে অসুস্থ হয়ে পড়লে সতীর্থরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। ৫১ বছর বয়সী সালাম স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
আশির দশকে জাতীয় দলে খেলেছেন মসি সালাম। ফকিরেরপুল ইয়াংমেন্স দিয়ে তাঁর ঢাকার ফুটবলে শুরু। এরপর খেলেছেন আবাহনী, ভিক্টোরিয়ায়ও। চট্টগ্রামে ১৯৬৫ সালে জন্ম এই ফুটবলারের। চট্টগ্রামের হয়ে অনেক ম্যাচ খেলেছেন জাতীয় ফুটবল প্রতিযোগিতায়। খেলা ছাড়লেও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় সংগঠক হিসেবে নিজেকে ব্যস্ত রেখেছিলেন।
গতকাল হালিশহরে নিজ বাসভবনে মরহুমের প্রথম জানাজা হয়েছে। এরপর বাদ জোহর লালদীঘি ময়দানে হয়েছে দ্বিতীয় জানাজা। আজ অস্ট্রেলিয়া থেকে তাঁর ছেলে বাংলাদেশে ফেরার পর তাঁর দাফন সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।