চলে গেলেন ব্রাজিলকে নিস্তব্ধ করে দেওয়া ঘিগিয়া

১৯৫০ সালের ১৬ জুলাই। মারাকানায় ১৯৫০ বিশ্বকাপের অলিখিত ফাইনালে মুখোমুখি ব্রাজিল-উরুগুয়ে। সেই ম্যাচে ড্র করলেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতত ব্রাজিল। ফ্রিয়াকার গোলে আগাম উদ্যাপনই শুরু করে দিয়েছিল দুই লাখ দর্শকে গমগম করা মারাকানা। এরপর উরুগুয়েকে সমতা ফেরালেন শিফিয়ানো। তবে ব্রাজিলের মূল ‘সর্বনাশ’টা করলেন অ্যালসিডেস ঘিগিয়া। খেলা শেষের ১০ মিনিট আগে ঘিগিয়ার গোলে মারাকানা ডুবল নৈঃশব্দের অতল গহ্বরে, ব্রাজিলিয়ানরা ভাসল শোকের সাগরে। গতকাল শিরোপা জয়ের ৬৫ বছর পূর্তিতেই মারা গেলেন উরুগুয়ের নায়ক ঘিগিয়া।
মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৮ বছর। ঘিগিয়ার ছেলে আরকাদো উরুগুয়ের একটি টেলিভিশনকে জানিয়েছেন, ‘সকালে পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমার সঙ্গে ফুটবল নিয়ে কথাও বলছিলেন। হঠাৎ থেমে গেলেন। চিকিৎসকেরা চেষ্টা করেছিল, কাজ হয়নি।’
১৯৬০ সালে উরুগুয়ে উইঙ্গারকে ১০ বছর আগের সেই দিনের কথা মনে করিয়ে দিয়েছিল গ্লোবো টিভি। এর পরই জন্ম সেই মহাকাব্যিক উক্তির, ‘মাত্র তিনজন লোকই মুহূর্তের মধ্যে মারাকানাকে স্তব্ধ করে দিতে পেরেছে¦ফ্রাঙ্ক সিনাত্রা, পোপ দ্বিতীয় জন পল ও আমি।’ কী ভেবে সেটি বলেছিলেন? ঘিগিয়ার উত্তর, ‘আমার কাছে মারাকানাজো সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। কথাটা হঠাৎ করেই মাথায় চলে এসেছিল, কিছু ভেবে বলিনি।’
ফুটবলের ইতিহাসে আর কোনো ম্যাচ নিয়ে এত গল্প, উপাখ্যান লেখা হয়েছে কিনা সন্দেহ। ১৯৫০ বিশ্বকাপের অলিখিত ফাইনালে উরুগুয়ের কাছে ২-১ গোলের পরাজয় ব্রাজিলিয়ানদের বুকে এমনই শেলসম বিঁধেছিল যে, সেটি ‘মারাকানাজো’ (মারাকানা বিপর্যয়) নামে পরিচিতি পেয়ে যায় পরবর্তীতে।
পাঁচটি বিশ্বকাপ জেতার পরও সেই দুঃখ এখনো বুকে বয়ে বেড়ায় ব্রাজিলিয়ানরা। সেই ম্যাচের ব্রাজিল ও উরুগুয়ে দলের খেলোয়াড়দের মধ্যে এতদিন বেঁচে ছিলেন একমাত্র ঘিগিয়াই। শেষ প্রদীপটাও নিভে গেল গতকাল। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।