চলে গেলেন ভারতীয় ফুটবল কিংবদন্তি

>ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি তিনি। সেই পিকে বন্দ্যোপাধ্যায় আজ চলে গেলেন সবাইকে ছেড়ে
বাবা-মা আদর করে নাম রেখেছিলেন প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। কিন্তু পিকে ব্যানার্জি নামেই জনপ্রিয় ছিলেন তিনি। রাইট উইং দিয়ে ত্রাস ছড়াতেন প্রতিপক্ষ রক্ষণভাগে। খেলোয়াড় হিসেবে তো বটেই, কোচ হিসেবেও প্রতিনিয়ত নতুন নতুন উচ্চতা ছুঁয়েছেন। সেই পিকে বন্দ্যোপাধ্যায় পাড়ি জমালেন না ফেরার দেশে। ৮৩ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে কলকাতায় মৃত্যুবরণ করেছেন কিংবদন্তি এই তারকা।
বেশ কিছুদিন ধরেই ভালো ছিলেন না পিকে ব্যানার্জি। নিউমোনিয়া, পারকিনসনসহ একাধিক রোগ-শোকে জর্জরিত ছিলেন। গত এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে গত কয়েক দিন ধরেই অবস্থার অবনতি হয় আরও। কিডনি সচল রাখার জন্য ডায়ালাইসিস করা হলেও পিকে সেটা নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে হার মানতে হয় তাঁকে।
কুশলী এই ফুটবলার তিন বার এশিয়ান গেমসে ভারতের জার্সি গায়ে খেলেছেন। ১৯৬২ সালের আসরে সোনা জিতেছিলেন তাঁরা। ১৯৫৯ ও ১৯৬৪— মারদেকা কাপের দুই আসরে রুপার পদক জিতেছিলেন ভারতের হয়ে। জাতীয় দলের হয়ে ৮৪ ম্যাচে ৬৫ গোল করা এই তারকা দুবার অলিম্পিকেও অংশ নিয়েছিলেন, অধিনায়কত্ব করেছিলেন ১৯৬০ সালের রোম অলিম্পিকে। বুটজোড়া তুলে রাখতে হয় ১৯৬৭ সালে।
ক্লাব ক্যারিয়ারে কখনো ভারতের শীর্ষ ক্লাব— ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা মোহামেডানের হয়ে খেলেননি। ইস্টার্ন রেলের হয়ে খেলে একবার লিগ জিতেছিলেন। বড় কোনো ক্লাবের হয়ে না খেলার আক্ষেপ ঘুচিয়ে দেন কোচ হিসেবে এসে। কোচ হিসেবে প্রথমেই যোগ দেন ইস্ট বেঙ্গলে। ইস্ট বেঙ্গলে সাফল্যের মুখ না দেখলেও মোহনবাগান তাঁকে হতাশ করেনি। সবুজ-মেরুন জার্সিধারীদের দীক্ষাগুরু হিসেবে আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ ও রোভার্স কাপ জিতে ‘ট্রেবল’ জয়ের কৃতিত্ব গড়েন পিকে। এরপর ১৪ বছর ধরে জাতীয় দলের কোচ থেকে ভারতের ফুটবলে রাখেন অবদান।
গোটা জীবন উৎসর্গ করেছিলেন ফুটবলের জন্য। তাঁর প্রতিদানও পেয়েছেন। ১৯৯০ সালে জিতেছিলেন পদ্মশ্রী পুরস্কার, ১৯৬১ সালে অর্জুন পুরস্কার। ২০০৪ সালে ফিফার অর্ডার অব মেরিট অর্জন করেন তিনি। ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জেতা একমাত্র এশীয় তারকা এই পিকে ব্যানার্জি।