চলে গেলেন রেফারি মনিরুল
ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেছেন দুই দিন আগেও। অসুস্থ শরীর নিয়েই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসেন মনিরুল ইসলাম। কে জানত সেটাই শেষ আসা! কিন্তু ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপের কারণে কাল দুপুরে খুবই অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত নেওয়া হয় বারডেম হাসপাতালে। কিছুক্ষণ পরই আসে মৃত্যুসংবাদ। মাত্রই ৫৯ বছর বয়সে চলে গেলেন না-ফেরার দেশে। কালই দক্ষিণ বাড্ডা সেগুনতলা জামে মসজিদে জানাজার পর তেজগাঁও কবরস্থানে মনিরুল ইসলামের দাফন সম্পন্ন হয়।
ম্যাচ কমিশনার হিসেবে তাঁর আন্তর্জাতিক ম্যাচসংখ্যা ১৪৬, যা বাংলাদেশে রেকর্ড। সবচেয়ে স্মরণীয় ম্যাচ ঢাকায় ২০১১ সালে আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ। কয়েক বছর ধরেই বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ছিলেন। সাবেক এই ফিফা রেফারির হাত ধরে বাংলাদেশে উঠে এসেছেন অনেক রেফারি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।