চলে গেলেন রেমন্ড কোপা

রিয়াল মাদ্রিদে তখন আলফ্রেডো ডি স্টেফানো আর ফেরেঙ্ক পুসকাসের যুগ। পঞ্চাশ ও ষাটের দশকের সেই সময়েও স্পেনের ক্লাবটিকে নিজের আলোয় আলোকিত করেছেন রেমন্ড কোপা। ফ্রান্সের ফুটবলের সেই আলো নিভে গেল কাল। বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত রোগ জড়িয়ে ধরেছিল আষ্টেপৃষ্ঠে। খেলোয়াড়ি জীবনে অনেক কঠিন রক্ষণ ভেদ করে বেরিয়ে গেলেও এই রোগ থেকে নিজেকে আর মুক্ত করতে পারেননি কিংবদন্তি ফরাসি ফুটবলার।
ফরাসি ফুটবল লিগ কর্তৃপক্ষ ঘোষণা করেছে সপ্তাহান্তের ম্যাচগুলোতে এক মিনিটের নীরবতা পালন করা হবে। কোপার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রিয়াল মাদ্রিদ যে বিবৃতি দিয়েছে, তাতে মিশে আছে প্রিয়জন হারানোর আক্ষেপ, ‘টেকনিক্যাল দিক থেকে তিনি ছিলেন অসাধারণ এক খেলোয়াড়। নিজের সময়ের সেরা তারকাদের একজন ছিলেন ফরাসি এই ফুটবলার।’
সময়ের অন্যতম সেরা তারকা কোপা অবশ্যই ছিলেন। ডি স্টেফানো আর পুসকাস যখন ক্যারিয়ারের মধ্যগগনে, সেই সময়ে খেলেন রিয়ালে। অথচ এই দুজনকে পেছনে ফেলে ১৯৫৮ সালে ব্যালন ডি’অর জিতে নেন কোপা। সেই বছরই বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে গিয়েছিল কোপার ফ্রান্স। অথচ এমন একজন খেলোয়াড়ের হয়তো কখনো ফুটবলেই আসা হতো না। দাদা আর বাবা ছিলেন কয়লা খনির শ্রমিক। তাঁদের অনুসরণ করে ১৪ বছর বয়সে কোপাও ওই পেশাই বেছে নেন। তবে একটি দুর্ঘটনায় এক হাতের দুটি আঙুল হারাতে হয়। কয়লা খনিতেও তাই আর কাজ করা হয়নি কোপার।
ছোটবেলাতে এমনিতেই ফুটবলের প্রতি ঝোঁক ছিল। খনির কাজ ছেড়ে দেওয়ার পর পুরোপুরিই মন দেন ফুটবলে। ১৭ বছর বয়সে পা রাখেন পেশাদার ফুটবলে, অ্যাঁজাতে নাম লেখান ১৯৪৯ সালে। দুই বছর পর রেঁস তাকে নিয়ে নেয়। সেখান থেকেই ১৯৫৬ সালে পাড়ি জমান রিয়ালে। স্পেনের সফলতম ক্লাবটিতে মাত্র তিন মৌসুম খেলেন। জেতেন তিনটি ইউরোপিয়ান কাপ। এরপর তিনি ফিরে যান সাবেক ক্লাব রেঁসে। ১৯৬৭ সালে এই ক্লাব থেকেই অবসর নেন। এএফপি।