চলে গেলেন সাবেক ফিফা রেফারি আবদুল আজীজ
বাংলাদেশের ফুটবলের ফিফা রেফারি আবদুল আজীজ আর নেই। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ দুপুরে বারডেমে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
গত ১২ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হন বিএসএমএমইউ-তে। এরপর কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন। ১৭ অক্টোবর কিডনিজনিত সমস্যার কারণে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। ২১ অক্টোবর তাঁর করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। আজ দুপুরে আবারও হার্ট অ্যাটাক হলে তাঁকে আর বাঁচানো যায়নি। মৃত্যুকালে আবদুল আজীজ স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।
১৯৭৪ সালে সহকারী রেফারি হিসেবে প্রথম ফুটবল ম্যাচ চালিয়েছিলেন আবদুল আজীজ। ১৯৭৫ সালে ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স ম্যাচে প্রথমবার প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২৮ বছর বয়সে তিনি ফিফা ব্যাজ পান। তিনি ছিলেন সবচেয়ে কম বয়সে ফিফা ব্যাজ পাওয়া বাংলাদেশি রেফারি। ১৯৮১ থেকে ১৯৯১ পর্যন্ত তিনি ফিফা রেফারি হিসেবে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে ছিল বিশ্বকাপ বাছাইপর্ব, অলিম্পিক ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসেও রেফারিং করেছেন। ঘরোয়া ফুটবলে তিনি পাঁচ শর বেশি ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকার ফুটবলে বেশ কিছু আবাহনী-মোহামেডান ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ১৯৮৭ সালের লিগের একটি আবাহনী-মোহামেডান ম্যাচ পরিচালনা করে স্মরণীয় হয়ে আছেন আবদুল আজীজ। ম্যাচটি ছিল গোলযোগপূর্ণ ও উত্তেজনাময়। শক্ত হাতে সেই ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনি। কঠোর ব্যক্তিত্বের বাংলাদেশের ফুটবলারদের সমীহ আদায় করে নিয়েছিলেন আবদুল আজীজ।
১৯৯০ সালে তিনি অগ্রণী ব্যাংকে যোগ দেন। অবসরে যান ২০১০ সালে।