চলে গেলেন 'টোটাল ফুটবলের' নায়ক

৬৮ বছর বয়স এমন কিছু নয়। ক্যানসারের কাছে হার মানার জন্য তো নয়ই। কে জানত, ফুসফুসের ক্যানসার এত দ্রুতই আততায়ী হয়ে যাবে? গত মাসেই তো হাসিমুখে বলেছিলেন, ক্যানসারকে ২-০ গোলে হারিয়ে দেবেন। কিন্তু কাল নিজেই হেরে গেলেন সেই লড়াইয়ে। হেনড্রিক ইয়োহান ক্রুইফ এখন শুধুই স্মৃতি, কাল বার্সেলোনায় অন্যলোকে চলে গেছেন ডাচ কিংবদন্তি।
ফুটবল যদি একটা ভাষা হয়, সেটা তাঁর চেয়ে কোমল করে খুব বেশি কেউ বলতে পারতেন না। ফুটবল যদি একটা ক্যানভাস হয়, সেটাকে তাঁর মতো বর্ণিল করে তুলতে পেরেছেন হাতে গোনা কয়েকজন। ক্রুইফ তো শুধু একজন ফুটবলার নন, একটা যুগের প্রতিনিধি, ‘টোটাল ফুটবল’ নামের এক বিপ্লবের মহানায়ক। সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকারই আসল কথাটা বলে দিয়েছেন, ‘ফুটবল এমন একজনকে হারিয়েছে, যিনি এই সুন্দর খেলাটাকে সবচেয়ে সুন্দর করে তুলেছেন।’
খেলোয়াড় ও কোচ হিসেবে ক্রুইফের চেয়ে প্রভাববিস্তারী কেউ ফুটবলে আর এসেছেন কি না সেটা তর্কসাপেক্ষ। সৌন্দর্যই ছিল তাঁর ধ্যানজ্ঞান, পুরো জীবনে সেটিকেই আপ্তবাক্য মেনে এসেছেন। নিজেই একবার বলেছিলেন, ‘১-০ গোলে জেতার চেয়ে আমি ৫-৪ গোলেই জিততে চাইব।’ আয়াক্সের হয়ে ষাটের দশকের যে সৌরভ ছড়াতে শুরু করেছিলেন, সেটি কয়েক বছরের মধ্যেই ছড়িয়ে গেছে পুরো ইউরোপে। ডাচ লিগ জেতা তো অভ্যাসই বানিয়ে ফেলেছিলেন, ইউরোপিয়ান কাপও বানিয়ে ফেলেছিলেন নিজেদের সম্পত্তি। ১৯৭১ থেকে টানা তিন বছর ইউরোপের সিংহাসনে ছিল আয়াক্স।

রাইনাস মিশেলসের মস্তিষ্কপ্রসূত টোটাল ফুটবলের বিপ্লব তখন কাঁপিয়ে দিচ্ছে ফুটবল-দুনিয়া। ১৯৭৪ বিশ্বকাপে হল্যান্ড দলে যেন ভাস্বর ফুটবলের সবটুকু রূপ-রস-গন্ধ। ২৭ বছর বয়সী ক্রুইফ তখন ফর্মের তুঙ্গে। কিন্তু ফাইনালে সেই হল্যান্ডই হেরে গেল পশ্চিম জার্মানির কাছে, যন্ত্রের কাছে পরাজিত হলো সৌন্দর্য। বিশ্বকাপ না-পাওয়া সেরা ফুটবলার বললে এখনো ক্রুইফের নামই সবার আগে চলে আসে।
কিন্তু পরাজয়ের বেদনায় দীর্ণ হয়েও ক্রুইফ কখনো সেই সৌন্দর্যের সঙ্গে আপস করেননি। আয়াক্সের পর গন্তব্য বার্সেলোনা, সেখানেও প্রথম মৌসুমেই দলকে জিতিয়েছেন লা লিগা। এর পর যুক্তরাষ্ট্র, স্পেন ঘুরে আবার ফিরেছেন চেনা ঠিকানায়, পরে আয়াক্সকে নিয়ে লিগও জিতেছেন। ১৯৮৪ সালে যখন বুটজোড়া তুলে রেখেছিলেন, কে জানত তখনো ভোজবাজির মাত্র অর্ধেকটা দেখিয়েছেন!
১৯৮৬ সালে যখন বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন, কাতালান ক্লাবটি ইউরোপে হাসির খোরাক। কোচ লুইস আরাগোনেসের বিরুদ্ধে খেলোয়াড়দের বিদ্রোহ, মাঠের দুর্দশা—সবকিছুতে জেরবার বার্সার ডাগ-আউটে ক্রুইফ যেন এলেন ফুটবল-বিধাতার প্রেরিত পুরুষ হয়ে। আট বছর পর যখন মতের অমিলে বার্সা ছাড়ছেন, দলকে এনে দিয়েছেন ১১টি ট্রফি। ১৯৯২ সালে প্রথমবারের মতো এনে দিয়েছেন ইউরোপিয়ান কাপ, কাতালুনিয়ার বুড়িয়ে যাওয়া ফুটবলবৃক্ষে তখন নতুন কিশলয়। মেসি, ইনিয়েস্তারা যে লা মাসিয়া থেকে এসেছেন, ক্রুইফ সেটিরও স্বপ্নদ্রষ্টা।
প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার ব্যালন ডি’অর, স্পেন ও হল্যান্ডে ১০ বার লিগ, তিনবার ইউরোপিয়ান কাপ—এসব অর্জন ঠিক খেলোয়াড় ক্রুইফকে চেনাতে পারছে না। কোচ হিসেবে ছয়বার লিগ বা ইউরোপিয়ান কাপেরও সাধ্য নেই ক্রুইফকে চেনানোর। ‘ফুটবল খেলাটা সহজ, কিন্তু সহজ ফুটবল খেলাটাই কঠিন’—এমন কথা যিনি বলতে পারেন, তাঁকে তো আসলে চেনা বা জানা যায় না, তাঁর দর্শনটা হৃদয়ে ধারণ করতে হয়। যত দিন ফুটবল নামের খেলাটি এই গ্রহে থাকবে, ক্রুইফই তত দিনই থাকবেন ধ্রুবতারা হয়ে।
