চলেই গেলেন 'বাচ্চু ভাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজুল ইসলাম বাচ্চু: যখন সাফ সম্পাদক
সিরাজুল ইসলাম বাচ্চু: যখন সাফ সম্পাদক

বেশ কিছুদিন আগেই চেনা জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। জীবনের শেষ কটা দিন হাসপাতালের বিছানায় শুয়ে কেটেছে। কাল হাসপাতাল থেকেও ছুটি হয়ে গেল চিরদিনের মতো। ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সিরাজুল ইসলাম বাচ্চু আর নেই। দীর্ঘ লড়াইয়ের পর হার মেনেছেন দুরারোগ্য ব্যাধির কাছে। অচল দুটি কিডনি নিয়ে সাধ্যমতো চেষ্টা করেছেন বেঁচে থাকার লড়াইয়ে, তাও প্রায় বছর দু-তিনেক হলো।
৬৮ বছর বয়সী চিরকুমার সিরাজুল ইসলাম বাচ্চুর পরিচয় অনেক। ফুটবল সংগঠক হিসেবে এক জীবনে অনেক দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে সবচেয়ে বড় পদ অবশ্যই দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক, ২০০০ সাল থেকে এই পদে অনেক দিন কাজ করেছেন।
১৯৯৬ সাল থেকে মাঝে তিন বছর বাদে বাফুফের নির্বাহী কমিটির নানা পদে ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বর্তমান কমিটির সদস্য। কিছুদিন বাফুফের সাধারণ সম্পাদক পদেও তাঁকে দেখা গেছে। ওয়ারী ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য বিওএর সহসভাপতিও ছিলেন। বাংলাদেশে মহিলা ফুটবল প্রসারে রেখেছেন বিশেষ অবদান। মৃত্যুর আগ পর্যন্ত বাফুফের মহিলা কমিটির প্রধানের পদটি ছিল তাঁরই।
বাফুফে ভবনের তৃতীয় তলায় বসতেন। সাফের সাধারণ সম্পাদকের দায়িত্ব ওখান থেকেই পরিচালনা করেন। তারপর মহিলা ফুটবল নিয়ে তাঁর কাজের সময়টা ওই কক্ষেই কাটত। সবার কাছে ‘বাচ্চু ভাই’ হয়ে ওঠা মানুষটি আপন করে নিতেন ছোট-বড় সবাইকে। ফুটবল অঙ্গনের অনেক চেনা মুখ কত যে আড্ডায় মেতে উঠত ওখানে। সবই আজ স্মৃতির ফ্রেমে।
তাঁর হাত ধরে অনেক ক্রীড়াবিদ তৈরি হয়েছে। সংগঠকও তৈরি করেছেন অনেক। অথচ জীবনের শেষ কটি দিন চরম অযত্ন আর অবহেলা পেয়েছেন। কাছের মানুষজনও সরে যান, বড়ই নিঃসঙ্গ হয়ে পড়েন মানুষটি। শুকিয়ে কাঠ হয়ে যান, ফুটবল অঙ্গনকেও সেভাবে পাশে পাননি।
সেই নিবেদিতপ্রাণ সংগঠক গত রাতে কফিনে এলেন প্রিয় ফুটবল আঙিনায়। রাতেই বাফুফে ভবন চত্বরে জানাজা শেষে তাঁকে জানানো হয়েছে শেষ শ্রদ্ধাঞ্জলি। পরপরই মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর গ্রামের বাড়ি যশোরে।
সিরাজুল ইসলাম বাচ্চু এভাবে চলে যাওয়ায় শুধু ফুটবল কেন, গোটা ক্রীড়াঙ্গনই শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করে শোকবাণী দিয়েছে বাফুফে, বিওএ, হ্যান্ডবল, ভলিবল ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বিএসজেএ—অনেক সংগঠন।