চলেই যেতে হচ্ছে মরিনহোকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো।
হোসে মরিনহো।

তাহলে শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। লেস্টার সিটির কাছে হারের পরেই শোনা যাচ্ছিল, বরখাস্ত হতে পারেন হোসে মরিনহো। সেটাই কাল শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়েছে, দ্বিতীয়বারের মতো চেলসি থেকে বিদায় নিতে হয়েছে স্বঘোষিত ‘স্পেশাল ওয়ানকে’।
গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর এই মৌসুমটা দুঃস্বপ্নের মতোই কাটছিল চেলসির। লিগে ১৬ ম্যাচের নয়টিতেই হেরে বসেছে, পয়েন্ট তালিকার ১৬ নম্বরে ধুঁকছে। তিনদিন আগে লেস্টারের কাছে হারার পর মরিনহো অভিযোগ করলেন, খেলোয়াড়েরা তাদের সেরাটা ঢেলে দিচ্ছেন না। কোচের সঙ্গেও সেটা একধরনের বিশ্বাসঘাতকতাই বলে দাবি তাঁর। কাল চেলসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারেও বললেন, খেলোয়াড়দের মধ্যে নিবেদনের অভাব আছে।
এর মধ্যেই চেলসির মালিক রোমান আব্রামোভিচ জরুরি বৈঠক ডাকেন। সেই বৈঠক শেষ হয়েছে গতকাল। এর পরেই ঘোষণাটা এসেছে, মরিনহোকে বিদায় নিতে হচ্ছে। তবে পরবর্তী কোচ কে হবেন সেটা এখনও জানানো হয়নি। ব্রিটিশ প্রচারমাধ্যম জানাচ্ছে, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনেই প্রথম পছন্দ। তবে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ হুয়ান্ডে রামোসকে।