চল্লিশে অবসর রিয়াল থেকেই

এত আহ্বান, এত অনুনয়, আকাশে ‘ঘরে ফিরে আসো, রোনালদো’ লেখা ব্যানার ওড়ানো সব তাহলে বৃথা যাবে? অবসরের আগে সত্যিই কোনো দিন ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরবেন না ক্রিস্টিয়ানো রোনালদো? তাঁর এজেন্ট হোর্হে মেন্ডেসের কথা শুনে কিন্তু তা-ই মনে হচ্ছে। অবসরের আগে রোনালদো আর ক্লাব বদল করবেন না বলেই জানিয়েছেন মেন্ডেস। ৪০ বছর পর্যন্ত রিয়ালের হয়ে খেলে তবেই নাকি অবসর নেবেন পর্তুগিজ উইঙ্গার।
২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত থেকে টানা ছয় বছর ইউনাইটেডে কাটিয়েছেন রোনালদো। এরপর রিয়ালে এসে ছাড়িয়ে গেছেন নিজেকে, হয়ে উঠেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। অনেকের মতেই তাঁর জায়গাটা সর্বকালের সেরাদের মধ্যে। রিয়ালের হয়ে নিজেকে এভাবে মেলে ধরার পরও ইউনাইটেডের জন্য যে তাঁর হৃদয়ে সব সময়ই একটা বিশেষ জায়গা থাকবে সেটাও অনেকবার সরাসরি বলেছেন রোনালদো। সুযোগ এলে আবারও তাঁর প্রিয় ক্লাবে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। এই মৌসুমে রোনালদোর সেই ইউনাইটেডে ফেরার গুঞ্জনটা আরও ডালপালা মেলেছে। আশায় বুক বেঁধেছে রেড ডেভিল সমর্থকেরাও। তবে সেই গুঞ্জনে যেন হঠাৎ করেই পানি ঢেলে দিলেন রোনালদোর এজেন্ট মেন্ডেস। স্প্যানিশ রেডিও কাদেনা কোপের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রোনালদোর বয়স যখন ৪০ হবে, তখন সে রিয়াল মাদ্রিদ থেকেই অবসর নেবে। ও রিয়ালেই খুব খুশি। এখানে থেকেই সে সব রেকর্ড ভেঙে দেবে এবং এখানেই অবসর নেবে।’ রোনালদোকে রিয়াল থেকে আলাদা করা সম্ভব নয় বলেও মনে করেন মেন্ডেস, ‘ও রিয়ালেই আনন্দে আছে। সবাই জানে রোনালদোকে অন্য দলে নেওয়া অসম্ভব। এটা বৃথা চেষ্টা।’
একই সাক্ষাৎকারে আবার রোনালদোর প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন মেন্ডেস। ফিফা বর্ষসেরা ফুটবলারকে সর্বকালের অন্যতম সেরা উল্লেখ করে বলেছেন,
‘আমরা যাদের দেখেছি তাদের মধ্যে সে-ই সেরা। তার সঙ্গে কারও তুলনা চলে না। আগামী ৫০০ বছরে তার মতো কেউ আসবে না।’ গোলডটকম।