চশমা-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে গোল, তা-ও আবার ৫-৪ গোলের জয়। ইয়ুর্গেন ক্লপের এমনিতেই হেডমাস্টারসুলভ কোনো গাম্ভীর্য নেই। পরশু নরউইচের বিপক্ষে অমন নাটকীয় জয়ের পর তাই পাগলের মতো দৌড় দিলেন লিভারপুল কোচ। ওদিকে জয় এনে দেওয়া অ্যাডাম লালানাও ছুটে আসছেন কোচকে আলিঙ্গন করতে। অন্যরাও উত্তেজনার আতিশয্যে যে যাঁকে পারছেন আলিঙ্গন করছেন। সেখানে ক্লপকে আলাদা করে খুঁজে পাওয়া দায়। এরই মধ্যে ঘটে গেছে ‘অঘটনটা’, লিভারপুলের জার্মান কোচের চশমাটা গেছে ভেঙে। ‘অপরাধীর’ নাম ক্রিস্টিয়ান বেনটেকে। পরে সংবাদ সম্মেলনে ক্লপকে প্রশ্ন করা হলো অতিরিক্ত এক জোড়া চশমা আছে কি না। তাঁর উত্তরটা শুনুন, ‘আরেক জোড়া আছে, কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না। আর চশমা ছাড়া চশমা খুঁজে পাব কী করে?’ এটাই অবশ্য প্রথম নয়, যখন ডর্টমুন্ডের কোচ ছিলেন, এভাবেই একবার চশমা ভেঙে গিয়েছিল ক্লপের। বিবিসি।