চা দোকানের সেই ছেলেটি

চায়ের দোকানে কখনো মন টেকে না কিশোর হৃদয় হোসেনের। দোকানির বকাঝকা তো আছেই, খরিদ্দারদের কাছ থেকেও মাঝেমধ্যে মেলে দুর্ব্যবহার। তাই তো চায়ের দোকান থেকে পালানোর পথ খোঁজে সারাক্ষণ। গেন্ডারিয়ার চা দোকান থেকে প্রায়ই উধাও হয়ে যায় ১৩ বছরের ছেলেটি। কিছুক্ষণ পর হৃদয়ের খোঁজ মেলে বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন আউটার স্টেডিয়ামে। হৃদয়কে সারাক্ষণ টানে ফুটবল মাঠ। একদিন ফুটবল খেলতে না পারলে যেন রাতের ঘুমই হয় না!
রাজধানীর দোলাইরপাড় উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র হৃদয় এবার পাইওনিয়ার ফুটবল লিগে খেলেছে মাত্র ৪টি ম্যাচ। গোল করেছে ৩টি, দুটিতেই হয়েছে ম্যাচের সেরা খেলোয়াড়! মনসুর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে এসে নজর কেড়েছে বিকেএসপির কোচদের। পাইওনিয়ার লিগের গ্রুপ পর্ব থেকে মনসুর স্পোর্টিং বাদ পড়লেও তাই হৃদয়ের জায়গা হয়েছে সিলেট বিকেএসপিতে। সেখানে চার মাসের প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছে হৃদয়।
হৃদয়কে খুঁজে বের করার কৃতিত্ব মনসুর স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মনসুর আলীর। গত মৌসুমেই নিজের ক্লাবে হৃদয়ের নাম নিবন্ধন করালেও বয়স কম হওয়ায় সেবার সেরা একাদশে সুযোগ দেননি মনসুর। এবার গ্রুপ পর্বে ৪টি ম্যাচে খেলিয়েছেন। সর্বশেষ বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে তৃতীয় হয় হৃদয়ের স্কুল দোলাইরপাড় উচ্চবিদ্যালয়। হৃদয় করে ১৭টি গোল। ওই পারফরম্যান্সই মুগ্ধ করেছিল মনসুরকে, ‘ওর মধ্যে আমি সম্ভাবনাময় এক ফুটবলারকে দেখতে পেয়েছি। হৃদয়ের পায়ের কাজ অসাধারণ। এতটুকু বয়সে খুব কম ছেলেই এভাবে খেলতে পারে।’
কিছুদিন আগেও হৃদয়ের বাবা মোহাম্মদ ইউনুস মহল্লার গলিতে শাকসবজি ফেরি করে বেচতেন। আয় যা হতো, তাতে সাত সন্তানের সংসারটা মোটেও ভালোমতো চালাতে পারছিলেন না। তাই ব্যবসা ছেড়ে ইদানীং কাজ করছেন নির্মাণশ্রমিকের। হৃদয়কে অনেকটা বাধ্য হয়েই চায়ের দোকানে কাজ করতে দিয়েছিলেন। অথচ হৃদয়ের মনে তো বড় ফুটবলার হওয়ার স্বপ্ন, ‘বাবা আমাকে জোর করে চায়ের দোকানে পাঠিয়েছিল। কিন্তু দোকানদার আঙ্কেল আমাকে মোটেও ছুটি দিতে চাইত না। সারা সপ্তাহ কাজ করলে ১০০ টাকা দিত। খেলতে যেতে চাইলে বকতেন। বাবাকে বোঝাতেই পারি না, আমি ফুটবলার হতে চাই।’
দোলাইরপাড় স্কুল ফুটবল দলের অধিনায়ক হওয়ার সুবাদে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেওয়ার সুযোগ মিলেছে। এটাই এখন পর্যন্ত হৃদয়ের ছোট্ট ক্যারিয়ারের সেরা স্মৃতি, ‘প্রধানমন্ত্রী আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, তুমি ভালোমতো ফুটবল খেলবে। প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়ার ছবিটা যত্ন করে বাঁধিয়ে রেখেছি।’ ওই ছবিটা বড় একটা উপকারও করেছে। এরপর থেকে একটু হলেও মন গলতে শুরু করে হৃদয়ের বাবা-মায়ের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে সেই কথাগুলোই বলছিল হৃদয়, ‘আগে মা সারাক্ষণ কাজ করতে বলত। খেলতে যেতে চাইলে বলত, কাজ না করলে খাবি কী? কিন্তু প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে দেখে মা ভীষণ খুশি হয়েছিলেন। এখন আর কাজের কথা বলেন না। খেলার অনুমতি দেন।’
হৃদয়ের প্রিয় ফুটবলার জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। প্রিয় আর্জেন্টিনার লিওনেল মেসিও। চায়ের দোকানে সারা দিন খাটুনির কষ্টটা হৃদয় ভুলে যায় টিভিতে মেসির খেলা দেখে। বল নিয়ে মেসির ছুটে চলা দেখতে দেখতে হারিয়ে যায় স্বপ্নের রাজ্যে। যেখানে হৃদয় আর ফুটবল ছাড়া আর কিছু নেই।