চাইলে ছয় মাস পর ক্লাব বদলাতে পারবেন মেসি-রামোসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুম শেষে বার্সা ছাড়বেন মেসি?
ছবি: এএফপি

আগের বছরের গ্লানি, হতাশাকে ধুয়েমুছে সাফ করে ২০২১ সালকে সবাই বরণ করে নিচ্ছে নতুন আমেজে, নতুন প্রত্যাশায়। ২০২১ যেন শুধুই সুসংবাদ বয়ে আনে, সবার একটাই চাওয়া। শুধুই কি ইতিবাচকতার বারতা এনেছে ২০২১? সঙ্গে করে সংশয়ের কালো মেঘও কি উড়িয়ে আনেনি? এনেছে নিশ্চয়ই। আর এতে সম্মত হবে ইউরোপের যেকোনো ক্লাব।

শীতকালীন দলবদল শুরু হতে চলেছে ৪ জানুয়ারি থেকে। তবে এখন থেকেই ক্লাবগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। অনেক খেলোয়াড়ের চুক্তিই শেষ হতে চলেছে আগামী জুন মাসে। অর্থাৎ আর মাত্র ছয় মাস বাকি আছে তাঁদের বর্তমান চুক্তিতে। চুক্তির নিয়ম অনুযায়ী, তাঁরা এখন চাইলেই সম্ভাব্য অন্যান্য ক্লাবের সঙ্গে আলাপ-আলোচনা করা শুরু করে দিতে পারবেন।

ছয় মাস পর তাঁদের নতুন ক্লাব কোনটা হবে, সেটা প্রকাশ্যেই নির্বাচন করার সুযোগ পাবেন, আর সে কাজে তাঁকে তাঁর বর্তমান ক্লাব আটকাতে পারবে না। তবে হ্যাঁ, এই ছয় মাসের মধ্যে বর্তমান ক্লাবের সঙ্গেও চুক্তি নবায়ন করতে পারবেন তাঁরা। কিন্তু একই সঙ্গে এই জানুয়ারি থেকে অন্যান্য ক্লাবের সঙ্গেও আলোচনা চালিয়ে যেতে পারবেন, সব মিলিয়ে নিজের জন্য সবচেয়ে আদর্শ ক্লাবটা বেছে নিতে পারবেন।

রামোস আগামী মৌসুমে রিয়ালে থাকবেন?
ছবি: এএফপি

ক্লাবগুলো সাধারণত এমন পরিস্থিতি হোক, কখনোই চায় না। চায় খেলোয়াড়দের চুক্তি শেষ ছয় মাসে প্রবেশ করার আগেই চুক্তি নবায়ন করে ফেলতে। তা-ও অনেকের চুক্তি নবায়ন হয় না। কেউ নিজেই করতে চান না, আবার কারও সঙ্গে তাঁর বর্তমান ক্লাবই চুক্তি নবায়নে আগ্রহী হয় না।

এই জানুয়ারিতেও অনেক খেলোয়াড়ের চুক্তি এমন শেষ ছয় মাসে এসে ঠেকেছে, যাঁরা চাইলেই এখন অন্যান্য সম্ভাব্য ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করে দিতে পারবেন। এবারের তালিকায় আছে বেশ কিছু বাঘা বাঘা নাম। কারা তাঁরা? দেখে নিন!

লিওনেল মেসি

বর্তমান ক্লাব: বার্সেলোনা
আগ্রহী ক্লাব: ম্যানচেস্টার সিটি, পিএসজি, জুভেন্টাস

মেসির চুক্তি নিয়ে নতুন করে বলার আর কিছুই নেই। ক্লাব সভাপতির ওপর বিরক্ত হয়ে গত আগস্টেই ক্লাব ছাড়তে চাওয়া মেসি বার্সার সঙ্গে চুক্তি বাড়াননি এখনো। ঝুলিয়ে রেখেছেন কাতালানদের। এই অবস্থায় এসে গেছে জানুয়ারি, চলতি চুক্তির আর বাকি আছে মাত্র ছয় মাস। মেসি এখন চাইলেই ম্যানচেস্টার সিটি, পিএসজি, জুভেন্টাসের মতো আগ্রহী ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করে দিতে পারেন। বার্সেলোনার বুক দুরু দুরু না করে কোথায় যায়!

সের্হিও রামোস

বর্তমান ক্লাব: রিয়াল মাদ্রিদ
আগ্রহী ক্লাব: টটেনহাম হটস্পার, ম্যানচেস্টার ইউনাইটেড

মেসির মতো অবস্থা রামোসেরও। কদিন আগে সতীর্থ লুকা মদরিচের সঙ্গে চুক্তি নবায়ন করা হলেও অধিনায়কের সঙ্গে এখনো নবায়ন করেনি রিয়াল। আদৌ কী করবে? দেখা যাক!

সের্হিও আগুয়েরো

বর্তমান ক্লাব: ম্যানচেস্টার সিটি
আগ্রহী ক্লাব: ইন্দিপেন্দিয়েন্তে, ইন্টার মায়ামি

ম্যানচেস্টার সিটির নতুন যুগের অন্যতম প্রধান কান্ডারি হওয়া সত্ত্বেও চোটে চোটে একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে এই আর্জেন্টাইন স্ট্রাইকার। সিটি আদৌ তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করবে কি না, নিশ্চিত নয়। তবে না করলে তাঁকে নেওয়ার জন্য আগ্রহী ক্লাবের যে অভাব হবে না, সেটা নিশ্চিত।

মেসুত ওজিল

বর্তমান ক্লাব: আর্সেনাল
আগ্রহী ক্লাব: ফেনেরবাচে, জুভেন্টাস

ফুটবলীয় দর্শন কিংবা রাজনৈতিক কারণ—যে কারণেই হোক না, স্কোয়াডের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়কে বসিয়ে রাখছে আর্সেনাল। সব ধরনের প্রতিযোগিতার জন্য আগে থেকে স্কোয়াড ঘোষণা করে রাখতে হয় দলগুলোকে। লিগ ও ইউরোপা লিগের আর্সেনাল স্কোয়াডে জায়গা মেলেনি ওজিলের। আর্সেনালের সঙ্গে ২০২১ পর্যন্ত চুক্তিবদ্ধ ওজিল। কিন্তু বিভিন্ন ইস্যুতে ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ৩২ বছর বয়সী জার্মান প্লেমেকার। প্রথমে চীনের উইঘুর মুসলমানদের নিয়ে কথা বলায় ক্লাবের পৃষ্ঠপোষকদের ক্ষুব্ধ করেছেন। সে কারণেই তাঁকে দলে নেওয়া হচ্ছে না, এমন একটা কথা শোনা যাচ্ছে। আবার করোনার সময় সব খেলোয়াড় বেতন কমাতে রাজি হলেও ওজিল তাতে সায় দেননি। তাঁর অর্থ ক্লাব কীভাবে ব্যয় করবে, সেটা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। সেই ওজিলই আবার ক্লাবের মাসকট ছাঁটাই হওয়ার পর তাঁর বেতন দিতে চেয়েছেন। সব মিলিয়ে ওজিলের আর্সেনাল ক্যারিয়ার শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে। পরের ক্লাব কোনটা হবে তাঁর? সেটার জন্য ওজিলও এখন আলোচনা শুরু করতে পারবেন।

ডেভিড আলাবা

বর্তমান ক্লাব: বায়ার্ন মিউনিখ
আগ্রহী ক্লাব: চেলসি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, পিএসজি, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড

গত মৌসুমেই ক্লাবের হয়ে জিতেছেন ট্রেবল। এর মধ্যে কেউ ক্লাব ছাড়তে চায়? আলাবার সঙ্গে বায়ার্নের তিক্ত হতে থাকা সম্পর্কটা বলছে—চায়। ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হওয়ার স্বপ্নে বিভোর এই তারকার আশা পূরণ করতে বর্তমান ক্লাব বায়ার্ন আগ্রহী নয়, যে সুযোগটা নিতে পারে ইউরোপের একাধিক বড় ক্লাব।

জর্জিনিও ভাইনালডাম

বর্তমান ক্লাব: লিভারপুল
আগ্রহী ক্লাব: বার্সেলোনা

লিভারপুলকে ৩০ বছর পর লিগ জেতাতে ভূমিকা রেখেছেন এই ডাচ্‌ তারকা মিডফিল্ডার। ক্লাবের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপও। কিন্তু এত কিছুর পরেও স্বদেশি কোচ রোনাল্ড কোমানের অধীনে বার্সেলোনায় খেলার আশাটা লিভারপুলের হয়ে নতুন চুক্তিতে সই করতে দেয়নি ভাইনালডমকে। ডাচ্‌ তারকা কি লিভারপুলে থাকবেন? না বার্সায় যাবেন? জানা যাবে কিছুদিনের মধ্যেই।

এই তালিকায় আরও যাঁরা আছেন—

মেমফিস ডিপাই (স্ট্রাইকার, অলিম্পিক লিঁও)
আরকাদিউশ মিলিক (স্ট্রাইকার, নাপোলি)
আনহেল দি মারিয়া (মিডফিল্ডার, পিএসজি)
ইউলিয়ান ড্রাক্সলার (মিডফিল্ডার, পিএসজি)
অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, চেলসি)
হেনরিক মেখিতারিয়ান (মিডফিল্ডার, এএস রোমা)
হাকান চালহানলু (মিডফিল্ডার, এসি মিলান)
জেরোম বোয়াটেং (ডিফেন্ডার, বায়ার্ন মিউনিখ)
শকোদ্রান মুস্তাফি (ডিফেন্ডার, আর্সেনাল)
জিয়ানলুইজি দোন্নারুমা (গোলরক্ষক, এসি মিলান)
এরিক গার্সিয়া (ডিফেন্ডার, ম্যানচেস্টার সিটি)
ফ্লোরিয়া থভাঁ (মিডফিল্ডার, অলিম্পিক মার্শেই)
এদিনসন কাভানি (ম্যানচেস্টার ইউনাইটেড)
হুয়ান বের্নাত