চাইলেই রোমে গিয়ে খেলা দেখতে পারবেন না ইংলিশ দর্শকেরা
ইউরো জ্বরে কাঁপছে পুরো ইংল্যান্ড। এত দিন নিজের দেশের সব ম্যাচই ওয়েম্বলিতে বসে উপভোগ করেছিলেন ইংল্যান্ডের সমর্থকেরা। কিন্তু কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের বিপক্ষে হ্যারি কেইনদের ৪ জুলাইয়ের ম্যাচটি হবে রোমে। আর সেখানেই যত বিপত্তি। চাইলেও রোমে গিয়ে খেলা দেখতে পারবেন না ইংল্যান্ডের দর্শকেরা! উয়েফা ইতালির করোনার কোয়ারেন্টিন নিয়মকানুন মানতে ইংল্যান্ড থেকে আসা দর্শকদের কাছে কোনো টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী যুক্তরাজ্য থেকে রোমে গেলে ভ্রমণকারীদের পাঁচ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নিয়মের অপব্যবহার এড়াতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, একটা নির্দিষ্ট টিকিট বিক্রির নীতি গ্রহণ করা হয়েছে এই ম্যাচের জন্য।
উয়েফার ইতালিয়ান কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত থেকেই সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা যুক্তরাজ্যের বাসিন্দা, তাদের কাছে কোনো টিকিট বিক্রি করা হবে না। যেসব নম্বরের টিকিট বাতিল করা হয়েছে, সেগুলো কাউকে দেওয়াও হবে না।
স্তাদিও অলিম্পিকোয় ১৬ হাজার দর্শকের খেলা দেখার অনুমতি আছে। সেখান থেকে শতকরা ১৬ ভাগ টিকিট ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন চেয়েছে। এর মানে ২৬৫০টি টিকিট ইংল্যান্ডের দর্শকের জন্য বরাদ্দ।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আন্দ্রেয়া কস্তা আবারও সবাইকে মনে করিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি যুক্তরাজ্য থেকে ইতালিতে ভ্রমণ করেন, তাহলে তাঁর পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। রেডিও ক্যাপিটালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘যেসব ইংলিশ দর্শক বেশ কিছুদিন ধরে এই ম্যাচ দেখার জন্য ইতালিতে আছেন, তাঁদের বেলায় এই নিয়ম প্রযোজ্য হবে না। আমরা এই কোয়ারেন্টিনের ব্যাপারে খুব সতর্ক আছি। আমরা খুব অল্পসংখ্যক টিকিট নম্বরের ব্যাপারে এটা আলোচনা করছি, যাতে যুক্তরাজ্য থেকে আসা ফুটবল দর্শকদের ঢল নিয়ন্ত্রণ করা যায়।’
তবে এই সমস্যা সমাধানের জন্য উয়েফা ও রোমের ব্রিটিশ দূতাবাসের সঙ্গে যতটা সম্ভব আলোচনা চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু দূতাবাস বার্তা সংস্থা এএফপিকে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, এই ম্যাচের জন্য কোনো টিকিট বিক্রি ও বিতরণ করা হবে না।
শেষ পর্যন্ত যদি ইংল্যান্ডের সমর্থকেরা কোনো টিকিট না পান, তাহলে হয়তো বাড়িতে বসে টেলিভিশনে অথবা কোনো বড় পর্দায় তাঁদের খেলা দেখতে হবে। আর শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতলে বড় ধরনের উৎসবটা ওয়েম্বলির জন্যই তুলে রাখতে হবে। সেখানেই যে সেমিফাইনাল, ফাইনাল অনুষ্ঠিত হবে।