চাকরি গেল বার্সার ক্রীড়া পরিচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার চাকরি হারালেন জুবিজারেতা। ছবি: মার্কা
বার্সার চাকরি হারালেন জুবিজারেতা। ছবি: মার্কা

খেলোয়াড় কেনা-বেচাসংক্রান্ত জটিলতায় সাম্প্রতিক সময়ে ভালোই বিপাকে পড়েছে বার্সেলোনা। এ বছর খেলোয়াড় কেনা-বেচায় ফিফার নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। বার্সার এ বিষয়টি দেখভালের দায়িত্ব ছিল ক্রীড়া পরিচালক আনদোনি জুবিজারেতার। অনেকটা ব্যর্থতার দায়ভার নিয়েই চাকরিচ্যুত হলেন জুবিজারেতা।
এক বিবৃতিতে বার্সার অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ক্লাবের ক্রীড়া পরিচালক জুবিজারেতার সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেপ বার্তোমেউ। ক্লাবের ফুটবল-বিষয়ক প্রধান হিসেবে গত চার বছরে জুবিজারেতার অবদান ও পেশাদারির জন্য ধন্যবাদ জানিয়েছেন সভাপতি।
গত কয়েক মৌসুমে উপযুক্ত খেলোয়াড় কেনা কিংবা বেচা নিয়ে নানা সমালোচনা ছিল বার্সার ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে। তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে বার্সার খেলোয়াড় কেনা-বেচা সম্পর্কিত ফিফার নিষেধাজ্ঞাই জুবিজারেতার চাকরি হারানোর পেছনে বড় ভূমিকা পালন করেছে। খেলোয়াড়ি জীবনে তিনি আট বছর (১৯৮৬-১৯৯৪) ছিলেন বার্সার গোলরক্ষক। স্পেন জাতীয় দলে খেলেছেন ১২৬ ম্যাচ। বার্সার ক্রীড়া পরিচালক হিসেবে যোগ দেন ২০১০ সালে। তথ্যসূত্র: গোলডটকম ও রয়টার্স।