চাকরি বাঁচানোর ম্যাচে আত্মবিশ্বাসী বার্সেলোনা কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের চাকরি নিয়ে চিন্তা নেই সেতিয়েনের। ছবি : এএফপি
নিজের চাকরি নিয়ে চিন্তা নেই সেতিয়েনের। ছবি : এএফপি

বার্সেলোনার কোচের চেয়ারটা যেন এক উত্তপ্ত কড়াই। ম্যাচ হেরে গেলে বা প্রত্যাশিত ফল না এলে যে কড়াইয়ের উত্তাপ বেড়ে যায় বহুগুণ। এই উত্তাপ আর চাপ সামলাতে পেরে যে সাফল্য এনে দিতে পারেন, তিনি কোচ হিসেবে টিকে যান। যিনি পারেন না, তাঁকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়।

বার্সেলোনার বর্তমান কোচ কিকে সেতিয়েনও সেই উত্তাপটা টের পাচ্ছেন বেশ ভালোমতো। একে তো লিগ হারিয়েছেন রিয়াল মাদ্রিদের কাছে, চাকরি বাঁচানোর একমাত্র পথ এখন যেকোনো মূল্যে চ্যাম্পিয়নস লিগ জেতা। চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া হলে সেতিয়েনও যে টিকবেন না, এটা না বলে দিলেও চলছে।

তবে সেতিয়েন নিজে কিন্তু অতশত ভাবছেন না। তাঁর ভাবনাজুড়ে আজকের ম্যাচ। নাপোলির বিপক্ষে আজ চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামছে বার্সা। প্রথম লেগে নাপোলির মাঠ থেকে ১-১ গোলের ড্র ছিনিয়ে আনা বার্সা নিজেদের মাঠে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। সে আশাবাদের কাছে নিজের চাকরি হারানোর শঙ্কা একদমই কাজ করছে না সেতিয়েনের মাথায়। বার্সা কোচ মনে করেন, ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, তিনি বার্সার কোচ থাকবেন, 'সত্যি কথা বলতে কি, আমার কাছে একবারের জন্যও মনে হচ্ছে না বার্সেলোনার কোচ হিসেবে এটা আমার শেষ ম্যাচ হতে পারে।'

নাপোলির বিপক্ষে জয়ের স্পৃহা ঝরেছে সেতিয়েনের কণ্ঠ থেকে, 'আমরা ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমি আশাবাদী, নাপোলি আমাদের সামনে যত বাধা নিয়ে আসবে, সবকিছুই পেরোতে পারব। প্রথম লেগের পর নাপোলি অনেক উন্নতি করেছে। সিরি 'আ' তে ওদের বল দখলে রাখার হার সবচেয়ে বেশি। রক্ষণভাগও দুর্দান্ত। ক্ষতি করার যথেষ্ট শক্তি আছে ওদের। ওদের খেলার ধরন আমরা ভালোভাবে লক্ষ্য করেছি। আশা করি ওদের আক্রমণভাগের শক্তি আমরা নস্যাৎ করতে পারব।'