চাকরি হারিয়ে একজনের আয় ২৯৩ কোটি, আরেকজনের ২৪১ কোটি টাকা
এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার কে? সঠিক অনুমানের জন্য কোনো পুরস্কার নেই, উত্তরটা যে লিওনেল মেসি, তা কে না জানে! তারপর কারা থাকতে পারেন, তা-ও কোনো কুইজের প্রশ্ন হতে পারে না। ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারের দুই-তিনে থাকা অনুমিত। এরপরের জায়গাগুলোতে হয়তো গ্রিজমান-বেল-সুয়ারেজদের ক্রমটা আপনার ভাবনায় একটু এদিকে-ওদিকে হতে পারে, এ-ই যা।
কিন্তু ফুটবল কোচদের মধ্যে আয়ের তালিকায় সেরা তিনে কারা? নামগুলো চমকেই দেবে। ফেব্রুয়ারিতে চুক্তি নবায়ন করে আয়ে সব কোচকে ছাপিয়ে গেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে, সেটি হয়তো ‘ব্রেকিং নিউজ’ নয়, কিন্তু দুইয়ে-তিনে হোসে মরিনহো আর থিয়েরি অঁরি! এ মুহূর্তে যাঁদের কোনো চাকরিই নেই, তাঁরাই কিনা মৌসুমে সবচেয়ে বেশি আয় করা কোচের তালিকায় গার্দিওলা-ভালভার্দে-জিদানদের ছাপিয়ে! চমকের পর চমক উপহার দেওয়া এই তালিকাটা গতকাল প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী।
মেসি তো গত বছর চুক্তি নবায়ন করার পর থেকেই তালিকার শীর্ষে, দলবদলেও ক্রিস্টিয়ানো রোনালদোর তাঁকে টপকানো হলো না। তাঁর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পেছনে একটা বড় কারণ যে বেতন নিয়ে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তাঁর বনাবনি না হওয়া, তা তো বলতে গেলে সর্বজনবিদিতই। এই মৌসুমে জুভেন্টাসে গিয়ে বেতনে মেসিকে ছোঁয়া না হলেও একটা লাভ হয়েছে রোনালদোর, রিয়ালের চেয়ে এখানে মৌসুমে ১ কোটি ইউরো বেশি বেতন পাচ্ছেন।
তাতে নেইমারকেও টপকে গেছেন। খেলোয়াড়দের এই চমকহীন তালিকায় একমাত্র দ্রষ্টব্য বোধ হয় এটিই যে, তিনে থাকা নেইমার আর চারে গ্রিজমানের আয়ের পার্থক্য প্রায় ৪৫০ কোটি! গ্রিজমান যতই খেলোয়াড়ি মানে সমতা বোঝাতে প্রতীকী অর্থে বলুন ‘মেসি ও রোনালদোর সঙ্গে একই টেবিলে বসার যোগ্যতা তাঁর আছে’, তালিকাটা আরেকবার বুঝিয়ে দিল, মেসি-রোনালদো-নেইমার বাকিদের চেয়ে আলাদাই।
কোচদের তালিকাটা অবশ্য যোগ্যতার সমানুপাতিক বলে কেউ দাবি করবেন না। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা সেখানে চতুর্থ; জুভেন্টাসের মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান, লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ, টটেনহামের মরিসিও পচেত্তিনোর কেউ সেরা পাঁচেই জায়গা পাননি। চোখ কপালে তুলে দেয় সিমিওনের আয়ের অঙ্কটাও। শুধু সিমিওনেকে খুশি রাখতেই অ্যাটলেটিকোর এই মৌসুমের বাজেটের প্রায় ১৪ শতাংশ চলে যায়।
তা সিমিওনের শীর্ষে ওঠাকে চাইলে ২০১১ সালে আসার পর থেকে অ্যাটলেটিকোকে ইউরোপের সেরাদের সারিতে উঠিয়ে আনার পুরস্কার ধরে নেওয়া যায়, কিন্তু এই মুহূর্তে ‘বেকার’ মরিনহো-অঁরির এত ওপরে থাকার ব্যাখ্যা কী? ব্যাখ্যাটা তাঁদের চুক্তি স্বাক্ষর আর ছাঁটাইয়ের সময়ে। গত মৌসুম শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তি নবায়ন করে নেওয়া মরিনহো ডিসেম্বরে ছাঁটাই হয়েছেন, ব্যাগ ভরে ক্ষতিপূরণের টাকাও তাই পেয়েছেন। আর থিয়েরি অঁরির প্রথমবার কোনো দলের মূল কোচ হওয়ার অভিজ্ঞতা ক্ষণস্থায়ী হলেও তাতেই ব্যাংক-ব্যালান্স ফুলে ফাঁপা। অক্টোবরে এসেছিলেন তিন বছরের চুক্তিতে, তিন মাস আর ২০ ম্যাচ পর জানুয়ারিতে তাঁকে বিদায় করে দিয়েছে মোনাকো। তাতে কিংবদন্তি ফরাসি স্ট্রাইকারের কোচিং ভবিষ্যৎ শঙ্কায় পড়েছে, কিন্তু পকেটে কোটি কোটি টাকাও এসেছে।
অঁরি হয়তো এমনটা না হলেই বেশি খুশি হতেন।