চাটি মেরে আট ম্যাচ নির্বাসনে সিমিওনে

ম্যাচ চলার সময় মেজাজ চটে যেতেই পারে। আবেগটাও বশে না থাকতে পারে। তাই বলে ম্যাচ অফিসিয়ালের শারীরিক লাঞ্ছনা? কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না! অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে এ কাজটিই করে বসলেন। শাস্তি এক প্রকার অনুমিতই ছিল। কিন্তু সেটির মাত্রা কতটা হবে, সেটিই ছিল দেখার। আজ স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানিয়েছে, আট ম্যাচ নিষিদ্ধ সিমিওনে!
অ্যাটলেটিকো কোচের মাথা গরম হওয়ার স্বভাব নতুন নয়। ম্যাচের সময় ভীষণ অস্থির থাকতে দেখা যায় তাকে। হয়তো স্নায়ুচাপটা চেপে রাখতে পারেন না। শুক্রবার ভিসেন্তে ক্যালদেরনে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগেও তা-ই দেখা গেল। ম্যাচের প্রথমার্ধে অফিশিয়ালদের সঙ্গে টাচলাইনে তর্কে জড়ালেন সিমিওনে। একপর্যায়ে অফিশিয়ালের মাথায় চাটি মেরে বসেন! আরএফইএফের সিদ্ধান্ত অনুযায়ী, এর শাস্তি হেসেবে পরবর্তী আট ম্যাচ ডাগআউটে থাকতে পারবেন না সিমিওনে।
অবশ্য এ শাস্তি হয়েছে আরও কয়েকটি কারণে। অফিশিয়ালকে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য চার ম্যাচ, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদের জন্য দুই ম্যাচ, সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হাততালি দিয়ে উচ্চকণ্ঠে ব্যঙ্গাত্মক প্রশংসার জন্য এক ম্যাচ আর স্ট্যান্ড থেকে দলকে নির্দেশনা দেওয়ার জন্য এক ম্যাচ। রয়টার্স।