চাপে এখন তারকারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ঠিক ১২ মাস পরে বড়সড় একটা সমস্যাতেই পড়তে পারেন জোয়াকিম লো। কাকে রেখে কাকে নেবেন ২০১৮ বিশ্বকাপের দলে?

এমনটা মনে হচ্ছে অলিভার বিয়েরহফের। ফিট থাকলে মার্কো রয়েস, টমাস মুলার, ম্যানুয়েল ন্যয়াররা তো জার্মানি দলে ‘অটোমেটিক চয়েস’ই। কিন্তু কনফেডারেশনস কাপে অপেক্ষাকৃত তরুণ, অনভিজ্ঞদের দুর্দান্ত পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে, ২০১৮ বিশ্বকাপে লোর জন্য তৈরি হবে মধুর সমস্যা। পরশু মেক্সিকোকে হারিয়ে তরুণ জার্মান দলটিই কনফেডারেশনস কাপের ফাইনালে ওঠার পর বিয়েরহফ বলছেন, তাঁদের পারফরম্যান্স এখন উল্টো চাপ তৈরি করবে জার্মানির বড় তারকাদের ওপর।

টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সী দলটাই এ পর্যন্ত চার ম্যাচের তিনটিতে জিতেছে, একটিতে করেছে ড্র। গোল করেছে ১১টি। খেলছেও দুর্দান্ত গতির ছন্দময় ফুটবল। সব মিলিয়েই খুশি টুর্নামেন্টে জার্মান দলের সমন্বয়ক বিয়েরহফ, ‘আমরা খুশি যে, এই পর্যায়ে আসতে পেরেছি। ফলটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল কিছু বিশেষ পরিস্থিতিতে খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখা। অনেক খেলোয়াড়কেই আপনি এখন আগের চেয়ে ভালো চিনবেন। আমার মনে হয়, প্রত্যেক খেলোয়াড়ই দুর্দান্ত খেলেছে। গত সাড়ে তিন সপ্তাহজুড়ে আমাদের দেখিয়েছে, (মূল) দলের জন্য ওরাও যোগ্য।’

এতে দলের তারকাদের ওপর চাপও তৈরি হতে দেখছেন ১৯৯৬ ইউরোজয়ী জার্মানির স্ট্রাইকার বিয়েরহফ, ‘প্রথম পছন্দের খেলোয়াড়দের জন্য এখন এটা একটা চাপ, কারণ অনেক খেলোয়াড়ই এখন ভালো খেলছে। উদাহরণ হিসেবে বলতে পারি, আপনি লিওন গোরেৎস্কাকে দেখুন। বা জশুয়া কিমিখকে দেখুন—(মেক্সিকোর বিপক্ষে) দ্বিতীয়ার্ধে তো ও-ই দলের নেতা ছিল।’

তরুণ, প্রতিভাবান এই দলটার পারফরম্যান্সে মুগ্ধ বিয়েরহফের এখন একটাই আশা, ‘(মেক্সিকোর বিপক্ষে) ফলটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আশা করি এই ছেলেরা কাপও জিতবে।’ ফোরফোরটু।