চাপেই ভেঙে পড়েছে বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে এত দিন হাসিখুশিই দেখা গেছে কোচ গোলাম রব্বানীকে। কিন্তু কাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের কোচের মুখে ছিল অন্ধকার। উত্তর কোরিয়ার সঙ্গে এত বড় ব্যবধানের হারটা কিছুতেই মানতে পারছেন না তিনি।

এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা এবারই প্রথম বাংলাদেশের। বয়সভিত্তিক টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে সামলানোর মতো চাপ নিতেই পারেনি কৃষ্ণারা। চাপের মুখে ভেঙে পড়েই বাংলাদেশ এমন বড় ব্যবধানে হেরেছে বলে মনে করছেন গোলাম রব্বানী, ‘বাস্তবতা হলো আমরা খেলেছি বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে। উত্তর কোরিয়ার সঙ্গে খেলতে হবে ভেবেই চাপে ছিল মেয়েরা। ওরা আসল জায়গায় এসে চাপটা নিতে পারেনি। এ জন্যই এত বড় ব্যবধানে হেরেছি।’

টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে সকালে অনুশীলন করেছে মেয়েরা। সেটির নেতিবাচক প্রভাব পড়েছে মাঠে। প্রথমার্ধেই ক্লান্তি ঘিরে ধরে ফুটবলারদের। দৌড়াতে গিয়ে তারা বারবার হোঁচট খেয়ে পড়েছে। বলের নিয়ন্ত্রণই নিতে পারেনি। তবে সকালে অনুশীলন করানোয় দোষের কিছু দেখছেন না কোচ, ‘সকালের ওই অনুশীলনে কোনো সমস্যা হয়নি। বিশ্বের অনেক দলই এভাবে অনুশীলন করে।’ ম্যাচের পর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বললেন, ‘আমরা পলকে (স্মলি) অনেক বুঝিয়েছি অনুশীলন না করাতে। তিনি কথা শোনেননি। কিরণ আপাকে (বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার) জানানো হলে তিনি বিষয়টি পলের ওপর ছেড়ে দিতে বলেন।’

মাঠে এক দিকে ডাগআউটে দাঁড়িয়ে নির্দেশনা দিয়েছেন কোচ গোলাম রব্বানী। আরেক দিকে সাইডবেঞ্চে মেয়েদের পাশে বসে চিৎকার করে মেয়েদের নির্দেশনা দিয়েছেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। এমন দ্বৈত নির্দেশনায় অনেক সময় মেয়েরা দ্বিধায় পড়েছে। পল স্মলির নির্দেশনা দেওয়ার প্রসঙ্গে গোলাম রব্বানীর যুক্তি, ‘আমরা দুজন এক বছর ধরে একসঙ্গে কাজ করছি। এসব নিয়ে আমাদের কোনো সমস্যা হচ্ছে না।’

প্রশ্ন উঠেছে গোলরক্ষক রুকসানাকে একাদশে রাখা নিয়েও। ঢাকায় গত বছর বাছাইপর্বে মাহমুদাই খেলেছে দলের নিয়মিত গোলরক্ষক হিসেবে।  তবে গোলাম রব্বানীর দাবি, অনুশীলনে রুকসানা মাহমুদার চেয়ে এগিয়ে ছিল, ‘গত কিছুদিন অনুশীলনে মাহমুদার পারফরম্যান্স তত ভালো ছিল না। ও পারফরম্যান্স ফিরে পেতে লড়াই করছিল। সেই তুলনায় রুকসানা অনেক ভালো করছিল। তা ছাড়া মাহমুদার চেয়ে রুকসানা লম্বা। সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া।’