চার আর্জেন্টাইনকে দেশ ছাড়তে বলেছে ব্রাজিল?

আজ রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনাফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকঢাক গুড়গুড় আগে থেকেই শোনা যাচ্ছিল। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, আর্জেন্টিনার চার ফুটবলার কোয়ারেন্টিনের নিয়ম ভেঙেছেন। এ কারণে বাংলাদেশ সময় আজ রাত ১টায় ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাঁদের খেলতে না দেওয়ার সুপারিশ করেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তারা।

সুপারিশে কাজ হয়ে কি না, সেটা নিয়ে ম্যাচ শুরুর দুই ঘন্টা আগেও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। কেউ বলছেন এই চারজন খেলবেন, আবার কেউ বলছেন না। ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সি 'আনভিসা'র বরাত দিয়ে সাংবাদিক স্যাম স্ট্রিট জানিয়েছেন, স্বাস্থ্য কর্মকর্তাদের সুপারিশই মানা হয়েছে শেষমেশ। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরুর মাত্র দুই ঘন্টা আগে চারজন আর্জেন্টাইন খেলোয়াড়কে দেশ ছাড়ার আদেশ দিয়েছে ব্রাজিল। ফলে এখন ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ না খেলেই দেশের পথে পাড়ি দিতে হবে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো, মিডফিল্ডার জোভান্নি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকে।

চারজনের মধ্যে আছেন আর্জেন্টিনার মূল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ
ছবি: সংগৃহীত

ওদিকে আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম টিএনটি স্পোর্ত ও টিওয়াইসি স্পোর্তের গাস্তন এদুল জানিয়েছেন, এতকিছুর পরেও ম্যাচ খেলতে পারবেন এই চারজন। টিওয়াইসি স্পোর্ত জানিয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আর্জেন্টিনার ফুটবল সংস্থাকে আশ্বস্ত করেছে, চার তারকা ঠিক সময়ে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওয়ানা হবেন বাকি সতীর্থদের সঙ্গেই। খেলবেন ব্রাজিলের বিপক্ষে।

সাও পাওলোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, ব্রাজিলের করোনার নিয়ম অনুযায়ী দেশটিতে অব্রাজিলীয়দের ব্রিটেন, নর্দার্ন আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে সরাসরি প্রবেশের অনুমতি নেই। তবে বিশেষ ক্ষেত্রে বিষয়টিতে ছাড় দেওয়া হয়। সে ক্ষেত্রে ব্রাজিলে প্রবেশের আগে নির্দিষ্ট ব্যক্তিদের কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে। অন্যথায় ব্রাজিলে প্রবেশের পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে।

ক্রিস্টিয়ান রোমেরো
ছবি : রয়টার্স

মার্তিনেজ আর বুয়েন্দিয়া খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায়। ওদিকে রোমেরো আর লো সেলসো খেলেন টটেনহাম হটস্পারের হয়ে। তাঁরা ইংল্যান্ড থেকে প্রথমে পা রেখেছেন আর্জেন্টিনায়। সেখান থেকে তারা ভেনেজুয়েলায় ম্যাচ খেলে পা রেখেছেন ব্রাজিলে। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলায় যদি তাঁরা ১৪ দিন কাটিয়ে আসতেন তাহলে আর আইন তাঁদের আটকাতে পারত না বলেই জানিয়েছে সাও পাওলোর স্বাস্থ্য বিভাগ।

অন্যদিকে ওই চার ফুটবলারের জন্য নিয়মের ছাড় নিতে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষের অনুমতি নেয়নি বলেও দাবি সাও পাওলোর স্বাস্থ্য বিভাগের। টিওয়াইসি স্পোর্ত আর টিএনটি স্পোর্তের খবর সত্যি হলে, সাও পাওলো স্বাস্থ্য বিভাগের দাবি মানা হচ্ছে না, বিশেষ বিবেচনায় পার পেয়ে যাচ্ছেন মার্তিনেজরা।

আজ খেলবেন তো লো সেলসো?
ফাইল ছবি

এর আগে কোনো অনুমতি না নিলেও সাও পাওলোতে পৌঁছে আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেছেন বুয়েন্দিয়া, মার্তিনেজ, লো সেলসো ও রোমেরো। সাও পাওলোর স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, এরই মধ্যে তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। এদিকে টিএনটি স্পোর্ত আরও জানিয়েছে, এই কারণে ব্রাজিল যদি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ না খেলতে চায়, তবে কনমেবলের সদস্যদের কথা না মানার জন্য আখেরে ক্ষতি হবে ব্রাজিলেরই। তিন পয়েন্ট কাটা যেতে পারে তাঁদের।

শেষমেশ মার্তিনেজ-রোমেরোরা আদৌ খেলতে পারেন কি না, জানা যাবে আর মাত্র কিছুক্ষণ পর। রাত একটায় মাঠে নামবে এই দুই পরাশক্তি।