চার গোলে পিছিয়ে এভাবেও ফিরে আসা যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিশ্বাস্য জয়ের পর জেনিতের খেলোয়াড়দের উল্লাস। ছবি: টুইটার
অবিশ্বাস্য জয়ের পর জেনিতের খেলোয়াড়দের উল্লাস। ছবি: টুইটার
>

ইউরোপা লিগ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে প্রথম লেগে ৪-০ ব্যবধানে হেরেছিল জেনিত সেন্ট পিটার্সবার্গ। কিন্তু ফিরতি লেগ ৮-১ ব্যবধানে জিতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ইতিহাস গড়েছে রাশিয়ান ক্লাবটি।

ইউরোপা লিগ বাছাইপর্বে তৃতীয় রাউন্ডের প্রথম লেগে ডায়নামো মিনস্কের কাছে ৪-০ গোলে হেরেছিল জেনিত সেন্ট পিটার্সবার্গ। রাশিয়ান ক্লাবটির ভক্তরা নিশ্চয়ই ভেবেছিলেন আশার সমাধির কথা। জেনিতের খেলোয়াড়েরা কিন্তু তা ভাবেনি। বরং কাল রাতে ফিরতি লেগে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে তাঁরা। ইউরোপা লিগ সংস্করণ চালুর পর যা কখনো দেখা যায়নি!

বেলারুশের ক্লাবটির বিপক্ষে ঘরের মাঠে ফিরতি লেগেও বিপদে পড়েছিল জেনিত। ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্লাবটির আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেজ। নির্ধারিত সময় শেষ হতে তখন মাত্র ১৮ মিনিট বাকি। জেনিত তখনো দুই গোল ব্যবধানে পিছিয়ে। কিন্তু অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্পটা শুরু ঠিক এখান থেকেই। ৭৫ থেকে ৭৮—এই চার মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচটা অতিরিক্ত সময়ে ঠেলে দেন আরতেম জিউবা। রাশিয়া বিশ্বকাপেও দেশের হয়ে আলো ছড়িয়েছেন জেনিতের এই স্ট্রাইকার।

অতিরিক্ত সময়েও নাটকের কমতি হয়নি। ৯৯ মিনিটে মূল্যবান ‘অ্যাওয়ে’ গোল করে ডায়নামো মিনস্ককে এগিয়ে দেন সেইদু ইয়াহায়া। দুই লেগ মিলিয়ে মিনস্ক তখন ৫-৪ গোলে এগিয়ে। অর্থাৎ জিততে হলে জেনিতকে আরও দুই গোল করতে হবে! অতিরিক্ত সময়ের ১১ মিনিট বাকি থাকতে গোল করে জেনিতকে এই অসম্ভব সাধনের আশা দেখান আর্জেন্টাইন স্ট্রাইকার সেবাস্তিয়ান ড্রাইয়ুসি। ৬ মিনিট পরই পেনাল্টি থেকে স্বাগতিকদের কাঙ্ক্ষিত গোলটি এনে দিয়ে হ্যাটট্রিকও তুলে নেন জিউবা।

এরপর যোগ করা সময়ে আরও দুটি পেনাল্টি পেয়েছে জেনিত। এর মধ্যে ১২১তম মিনিটে বক্সে ফাউল করার খেসারত গুণে লাল কার্ড দেখেছেন ডায়নামোর মাকসিম শেভাস্তভ। এর দুই মিনিট পর আরেকটি পেনাল্টি এবং দুটি স্পটকিকেই লক্ষ্যভেদ করেছেন জেনিতের রবার্ট ম্যাক। মোট ১২৩ মিনিটের এই লড়াইয়ে ৮-১ গোলের জয় তুলে নিয়ে অবিশ্বাস্য ‘কামব্যাক’-এর জন্মই দিয়েছে রাশিয়ান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ম্যাচটা তাঁরা জিতল ৮-৫ গোল ব্যবধানে।

ইউরোপা লিগ সংস্করণ চালুর পর প্রথম লেগে চার গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর নজির এই প্রথম। তবে টুর্নামেন্টটির নাম উয়েফা কাপ থাকতে ১৯৮৫ সালে চার গোলের ব্যবধান ঘুচিয়ে ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। বরুসিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে প্রথম লেগে ৫-১ গোলে হেরেছিল রিয়াল। ফিরতি লেগে এই ব্যবধান ঘুচিয়ে স্প্যানিশ ক্লাবটি শেষ ষোলোয় উঠেছিল ‘অ্যাওয়ে গোল’ সুবিধা নিয়ে।