চার বছর পর দলে ফিরেই গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর চার দিন পর আন্তর্জাতিক ফুটবলে গোল পেলেন ডিফো। ছবি: এএফপি
চার বছর চার দিন পর আন্তর্জাতিক ফুটবলে গোল পেলেন ডিফো। ছবি: এএফপি

অনেকেই ভ্রু কুচকে ছিলেন। কেউ কেউ বিরক্তও হয়েছিলেন গ্যারেথ সাউথগেটের ওপর। প্রায় বিস্মৃত জার্মেইন ডিফোকে কেন দলে নেওয়া! এই ‘কেন’র উত্তর সাউথগেটকে দিতে হয়নি। কাল ওয়েম্বলিতে লিথুয়ানিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ জয়ে প্রথম গোলটি করে জবাবটা দিয়েছেন ডিফো নিজেই।
ইংল্যান্ডের হয়ে ডিফো সর্বশেষ খেলেছিলেন এই ওয়েম্বলিতেই, ২০১৩ সালের নভেম্বরে চিলির বিপক্ষে। প্রায় চার বছর পর ফিরলেন দলে। সান্ডারল্যান্ডের এই স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে গোল পেলেন চার বছর চার দিন পর। ইংল্যান্ডের হয়ে নিজের ২০তম গোলটি ডিফো করেন ২১ মিনিটে। ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকারের গোলটি ছিল নিখুঁত ফিনিশিংয়ের দারুণ এক উদাহরণ।
দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডকে অবশ্য ভালোই চাপে রেখেছিল লিথুয়ানিয়া। অন্যদিকে লিথুয়ানিয়ার রক্ষণ দেয়ালও ভাঙতে পারছিলেন না স্বাগতিক ফরোয়ার্ডরা। স্যাম অ্যালারডাইসের জায়গায় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ওয়েম্বলির ডাগ আউটে দাঁড়িয়েছিলেন সাউথগেট। ৬৬ মিনিটে তাঁকে স্বস্তি এনে দেন জেমি ভার্ডি। ম্যাচ শেষে সাউথগেট অবশ্য বেশি আপ্লুত ছিলেন ডিফোকে নিয়েই, ‘ডিফো গোল পেয়েছে বলে আমি আনন্দিত।’
ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বে এখনো পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখা একমাত্র দল ইংল্যান্ড এই জয়ে রাশিয়ার টিকিট পাওয়ার পথে তারা এগিয়ে গেল অনেকটাই। পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ৯। ইউরোপ থেকে নয় গ্রুপের শীর্ষ নয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। সেরা আট রানার্সআপের মধ্যে হবে দুই লেগের প্লে-অফ। সেই প্লে-অফ জেতা চারটি দলও টিকিট পাবে রাশিয়ার।
জার্মানিও রাশিয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে। আন্দ্রে শুরলের জোড়া গোলে আজারবাইজানকে ৪-১ গোলে হারিয়েছে তারা। জার্মানির বাকি দুটি গোল টমাস মুলার ও মারিও গোমেজের। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নর্দার্ন আয়ারল্যান্ড। সূত্র: এএফপি, বিবিসি।