চার মাস পর বায়ার্নের হার

লিগে সর্বশেষ হার ছিল গত ১৯ নভেম্বর, বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ হারটাও নভেম্বরেই, ডর্টমুন্ডের কাছে হারের চার দিন পর চ্যাম্পিয়নস লিগে রোস্তভের কাছে। এরপর চার মাস ধরে হারের সঙ্গে অদৃশ্য ‘আড়ি’ চলছিল বায়ার্ন মিউনিখের। সেটি ভাঙল পরশু, লিগে হফেনহাইমের মাঠে ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। লিগে ২৭ ম্যাচে যেটি বায়ার্নের দ্বিতীয় হার।
২১ মিনিটে আন্দ্রেই ক্রামারিচের গোলই গড়ে দিল ব্যবধান। তবে হফেনহাইম জিতেছে যোগ্য দল হিসেবেই। ‘মিনি মরিনহো’খ্যাত ২৯ বছর বয়সী কোচ ইউলিয়ান নাগলসমানের অধীনে এই মৌসুমে দুর্দান্ত খেলছে হফেনহাইম, গত মৌসুমে কোনোমতে অবনমন এড়ানো দলটি এবার লিগে ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তালিকার তিনে! খেলার কৌশলও এমন, মাঠে প্রতিপক্ষকে এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে দেয় না হফেনহাইম। পরশু যাতে ভুগল বায়ার্নও। ম্যাচ শেষে বায়ার্নের কোচ আনচেলত্তি বললেন, ‘হফেনহাইমকে অভিনন্দন। ওদের খেলায় একটু চমকেই গেছি।’ গোলডটকম।