চার মাসের জন্য মাঠের বাইরে স্পিনাৎসোলা
গতকাল রাতে ইতালির উৎসবে একটু হতাশার রেণু মেশানো ছিল। অনেকের চোখেই এবার ইতালির সেরা খেলোয়াড় লিওনার্দো স্পিনাৎসোলা।
কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের জয়টা নিশ্চিত হওয়ার আগেই দুঃসংবাদ পেয়েছে ইতালি। ৭৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় স্পিনাৎসোলাকে।
ম্যাচের সময় অনেকে আশায় ছিলেন, চোটটা সামান্য। হয়তো সেমিফাইনালেই স্পেনের বিপক্ষে দেখা যাবে তাঁকে। কিন্তু শেষ বাজার কিছুক্ষণ পরই নিশ্চিত হওয়া গেছে, এ চোট ভোগাবে স্পিনাৎসোলা ও ইতালিকে। এখন পর্যন্ত যে ধারণা, তাতে অন্তত চার মাস মাঠের বাইরে থাকবেন স্পিনাৎসোলা।
কাল ৭৮ মিনিটে বলের পিছু ছোটার একপর্যায়ে আচমকা মাঠে শুয়ে পড়েন স্পিনাৎসোলা। এই ফুলব্যাক প্রথমে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বলে মনে করা হচ্ছিল। পরে জানা গেছে গোড়ালির রগ ফেটে গেছে।
স্কাই ইতালিয়া জানিয়েছে, বায়ার্ন মিউনিখের মাঠে পাওয়া এই চোটের কারণে এ বছর আর স্পিনাৎসোলাকে মাঠে নাও দেখা যেতে পারে।
গতকাল ম্যাচের ওই মুহূর্তে মাত্রই রোমেলু লুকাকুকে দারুণভাবে গোলবঞ্চিত করেছিলেন স্পিনাৎসোলা। এত দারুণ ডিফেন্ডিং দেখে গোল করার মতোই উদ্যাপন করেছিলেন এই ফুলব্যাক।
এরপরই দৌড় দিতে গিয়ে ঘটল সে অঘটন। সঙ্গে সঙ্গে বাইরের দিকে ইঙ্গিত করেছেন, বদলি নামাতে হবে। স্পিনাৎসোলার প্রতিক্রিয়ায় তখনই বোঝা গিয়েছিল, এ চোট তাঁকে ভোগাবে।
কান্নাভেজা চোখে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন ইউরোতে সাড়া ফেলে দেওয়া এই ডিফেন্ডার। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাবও নাকি তাঁর ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করেছিল। ২৮ বছর বয়সে স্বপ্নের এক দলবদল যখন অপেক্ষায়, তখনই দুর্ঘটনা।
স্পিনাৎসোলার এ চোট ইতালিকেও বিপদে ফেলে দিয়েছে। গতকাল তাঁর বদলি হিসেবে নেমেছেন এমারসন পালমেরি। চেলসির হয়ে এই লেফটব্যাক প্রিমিয়ার লিগে পুরো মৌসুমে মাত্র ৮৮ মিনিট খেলেছেন।
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ কোনো ম্যাচেও একাদশে জায়গা পাননি। এফএ কাপেও সে ভাগ্য বরণ করেছেন। অধিকাংশ দিনই ম্যাচ স্কোয়াডেও জায়গা পাননি।এমন এক লেফটব্যাক নিয়েই এখন স্পেনের বিপক্ষে নামতে হতে পারে ইতালি কোচ রবার্তো মানচিনিকে।