চার ম্যাচ আগেই বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি পারদ চড়ানো উত্তেজনার সপ্তাহ গেল ইউরোপিয়ান ফুটবলের। এর মধ্যেই কেউ কেউ
নিশ্চিত করে ফেলেছে শিরোপা, কেউ আবার পাচ্ছে শিরোপার সুবাস
মরিনহোর খোঁচা
আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করে চেলসি এখন শিরোপার সুবাস পাচ্ছে ভালোমতোই। বাকি পাঁচ ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেই ইংলিশ লিগ হোসে মরিনহোর দলের। তবে পরশু লন্ডন ডার্বির সলতেতে বাড়তি আগুন দিয়েছে ওয়েঙ্গার-মরিনহোর কথার লড়াই। ম্যাচের আগে আর্সেনাল কোচ ওয়েঙ্গার ব্যঙ্গ করে বলেছিলেন, চেলসির খেলা খুবই একঘেয়ে। পরশু ড্রয়ের পর মরিনহো ছুঁয়েছেন পাটকেল, ‘আমার মনে হয় ১০ বছর লিগ না জেতাটাই বেশি একঘেয়ে। আপনি বছরের পর বছর প্রিমিয়ার লিগ জেতার জন্য অপেক্ষা করছেন, ব্যাপারটা তো একঘেয়েই।’ সেই ২০০৪ সালের পর লিগ জেতেনি আর্সেনাল, মরিনহো সেটাই মনে করিয়ে দিয়ে কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটে।

হাভিয়ের হার্নান্দেজের গোল উদ্‌যাপন
হাভিয়ের হার্নান্দেজের গোল উদ্‌যাপন

উড়ছেন চিচারিতো
হাভিয়ের ‘চিচারিতো’ হার্নান্দেজ যে রিয়াল মাদ্রিদে খেলছেন, এক সপ্তাহ আগেও হয়তো অনেকেরই তা মনে ছিল না। অ্যাটলেটিকোর সঙ্গে জয়সূচক গোলে রিয়ালে ধারে আসা মেক্সিকান স্ট্রাইকার জানিয়ে দিয়েছেন, তিনি ফুরিয়ে যাননি। পরশু সেল্টা ভিগোর সঙ্গে জোড়া গোল করার পর তো রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলতে বাধ্য হলেন, ‘ও নিজের খেলাটা দারুণ উপভোগ করছে। এ রকম খেললে ওকে বাদ দেওয়া কঠিন।’ সেল্টার সঙ্গে ৪-২ গোলের স্কোরলাইন বলছে রিয়ালের জয়টা সহজই ছিল। কিন্তু রোনালদোদের একের পর এক আক্রমণে রীতিমতো ঘাম ঝরিয়ে ছেড়েছে স্বাগতিক দল। রিয়ালের হয়ে অন্য দুটি গোল করেছেন টনি ক্রুস ও হামেস রদ্রিগেজ।
বায়ার্নের শিরোপা
কোথায় নিজেরা জিতে শিরোপা নিশ্চিত করবে, বেরসিক ভলফ্সবুর্গ সেটা হতে দিল না। কাল বরুসিয়া মনশেনগ্লাডবাখের কাছে ভলফ্সবুর্গের পরাজয়েরই চার ম্যাচ আগেই নিশ্চিত হয়েছে বায়ার্ন মিউনিখের ২৫তম শিরোপাজয়। টানা তিন মৌসুম চ্যাম্পিয়ন হলো বায়ার্ন, এর আগে আরও তিনবার গড়েছে এই কীর্তি। বায়ার্ন অবশ্য বুন্দেসলিগার সব রেকর্ড অনেক আগেই ভেঙে দিয়েছে, তবে পরশু নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। ৮টি শিরোপা হয়ে গেছে বায়ার্ন মিডফিল্ডারের, এই কীর্তি আছে শুধু বায়ার্নেরই মেহমেট শল ও অলিভার কানের। এএফপি।