চার ম্যাচ নিষিদ্ধ মেসি

অভিযোগটা গুরুতর। গত বৃহস্পতিবার চিলির সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এক সহকারী রেফারিকে কুৎসিত গালি দিয়েছিলেন লিওনেল মেসি। সেটির শাস্তিই পেতে হলো আর্জেন্টিনা অধিনায়ককে। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার চারটি ম্যাচে তাঁকে নিষিদ্ধ করেছে ফিফা।
শাস্তিটি গতকাল রাতে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার সঙ্গে ম্যাচ থেকেই কার্যকর হয়ে গেছে। গতকালের ম্যাচটিতে খেলতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক, খেলতে পারবেন না বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের তিনটি ম্যাচ, অর্থাৎ উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর সঙ্গেও। ফিরবেন বাছাইপর্বের একেবারে শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে। নিষেধাজ্ঞার পাশাপাশি মেসিকে আট হাজার ডলার জরিমানাও করেছে ফিফা।
শাস্তির কথা গতকাল বলিভিয়া ম্যাচের ঘণ্টা ছয়েক আগেই মেসি ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) জানিয়ে দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। অবশ্য এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন মেসি ও এএফএ।
তবে চিলি ম্যাচের প্রধান রেফারি সান্দ্রো রিচ্চির প্রতিবেদনে মেসির এই গালাগালির কথা লেখা ছিল না। বরং একটি ভিডিও দেখে এই শাস্তি দিয়েছে ফিফা। ভিডিওতে ধরা পড়ে, সহকারী রেফারিকে কুৎসিত গালি দিয়েছেন মেসি। এ ব্যাপারে ফিফার তদন্তের একটি ফাইল প্রকাশ করেছে আর্জেন্টিনার পত্রিকা ওলে। সেখানে যদিও রেফারি রিচ্চি বলেছেন, ‘লিওনেল মেসি বা অন্য কারও কাছ থেকে আক্রমণাত্মক কিছু শুনিনি। যদি তেমন কিছু শুনতাম, তাহলে অবশ্যই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতাম।’ যে সহকারী রেফারিকে গালি দিয়েছিলেন, তিনি আবার বলেছেন, তিনি নাকি বুঝতে পারেননি মেসি কী বলেছিলেন। কিন্তু রেফারি না শুনুন, ভিডিও দেখেই ব্যবস্থা নিয়েছে ফিফা। ম্যাচের পর রেফারিদের মধ্যে একজনের সঙ্গে হাতও মেলাননি মেসি।
এই নিষেধাজ্ঞার পর আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজার কপালের ভাঁজ আরও বাড়ারই কথা। গতকালের বলিভিয়া ম্যাচটি ধরে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ম্যাচই বাকি আর পাঁচটি, এর মধ্যে চারটিতেই মেসিকে তিনি পাবেন না। এবারের বাছাইপর্বে আর্জেন্টিনার ওপর মেসি খেলা ও না খেলার প্রভাবটাও স্পষ্ট। মেসি খেলেননি এমন সাত ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৭ পয়েন্ট। আর মেসি খেলেছেন, এমন ৬ ম্যাচে পয়েন্ট ১৫!
বাছাইপর্বে পয়েন্ট তালিকার তিনে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৩ ম্যাচে ২২। কিন্তু তালিকার দুইয়ে থাকা উরুগুয়ে ও ছয়ে থাকা চিলির মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৩! সেরা চারে থাকলে তো সরাসরিই বিশ্বকাপে যেতে পারবে আর্জেন্টিনা, পঞ্চম স্থানে থাকলেও সুযোগ থাকবে প্লে-অফে খেলার। আর তালিকায় পাঁচের মধ্যেও না থাকতে পারলে ১৯৭০ বিশ্বকাপের পর আবার আর্জেন্টিনা-বিহীন বিশ্বকাপ দেখা যেতে পারে। ফিফা, ইএসপিএন।