চার লিগের খতিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো লিগে বাকি ৯টি করে ম্যাচ, কোনোটায় ৮টি,  আবার কোনোটায় ৭টি।  ইউরোপের প্রধান চারটি লিগে এখন শিরোপা লড়াইয়ের শেষ ধাপ। দেখে নেওয়া যাক, কেমন জমে উঠেছে এই লড়াই

প্রিমিয়ার লিগ

গত মৌসুমে শেষ ম্যাচ পর্যন্ত জিইয়ে ছিল উত্তেজনা। এবার হয়তো কয়েক ম্যাচ আগেই নিষ্পত্তি হয়ে যেতে পারে শিরোপার। চেলসির দ্বিতীয় অধ্যায়ে প্রথম লিগ জেতার অনেক কাছাকাছিই চলে এসেছেন হোসে মরিনহো! ৩০ ম্যাচে চেলসির পয়েন্ট এখন ৭০, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান নিয়ে অবশ্য ধুন্ধুমার লড়াই চলছে। আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৩, ৬২, ৬১। চেলসি কিন্তু ম্যাচও খেলেছে একটি কম (৩০টি)। তবে নাটকের শেষ অঙ্ক জমজমাট হয়ে উঠতে পারে, সামনে যে চেলসির ম্যাচ আর্সেনাল, ইউনাইটেড ও লিভারপুলের সঙ্গে। ওই তিন ম্যাচে চেলসি হেরে খেলে খানিকটা আশা থাকতে পারে বাকি তিন দলের। তবে এই তিন দলেরও নিজেদের মধ্যে খেলতে হবে, সমীকরণ তাই অনেকটাই মরিনহোর পক্ষে। চ্যাম্পিয়নস লিগেও এই চার দলেরই খেলার সম্ভাবনা উজ্জ্বল। পাঁচে থাকা লিভারপুল (৫৪) যে অনেকটাই পিছিয়ে!

লালিগা

এখন পর্যন্ত যে সমীকরণ, তাতে বার্সেলোনার ভাগ্য এখন তাদের হাতেই। ৩০ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৪, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ পিছিয়ে ৪ পয়েন্টে। এল ক্লাসিকোর দুই পর্বও শেষ, রিয়াল যে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ব্যবধান কমাবে সেই সুযোগও নেই। আপাতত শেষ লড়াইয়ের দৃশ্যপটে এই দুই দলই, তিনে থাকা বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ (৬৫) বেশ খানিকটা পিছিয়ে। তবে এক দিক দিয়ে রিয়াল একটু এগিয়ে, সেভিয়ার সঙ্গে তাদের মাঠে ও বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচ ছাড়া তেমন কঠিন পরীক্ষা নেই। বার্সার পরবর্তী সূচিটা বেশ কঠিন। নিজেদের মাঠে খেলতে হবে ভ্যালেন্সিয়ার সঙ্গে, পরের ম্যাচটাই পাঁচে থাকা সেভিয়ার সঙ্গে তাদের মাঠে। আর ৩৭তম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলবে ভিসেন্তে ক্যালদেরনে। অ্যাটলেটিকোরও এই একটি বড় ম্যাচই বাকি। শেষ পর্যন্ত ওটাই ঠিক করে দিতে পারে লিগের ভাগ্য।

বুন্দেসলিগা

দুই মৌসুম ধরেই জার্মান লিগে একই চিত্রনাট্য—তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ট্রফি উঠছে বায়ার্ন মিউনিখের হাতে। এবার হয়তো আগের দুবারের মতো দাপটের সঙ্গে হচ্ছে না, তার পরও পথটা মসৃণই। লিগের মাত্র ৭ ম্যাচ বাকি, ২৭ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৭। দ্বিতীয় স্থানে থাকা ভলফ্‌সবুর্গের সঙ্গে বায়ার্নের ব্যবধান এখনই ১০। অবশ্য এবারের লিগটা আরেক দিয়েও একটু ব্যতিক্রম। গত দুই মৌসুমেই বায়ার্নের পরেই ছিল বরুসিয়া ডর্টমুন্ড। এবার রানার্সআপ দূরে থাক, ডর্টমুন্ডের শীর্ষ চারে থাকার সম্ভাবনাই সুদূরপরাহত। ৩৩ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড এখন পয়েন্ট তালিকার দশে। ভলফ্‌সবুর্গের দুইয়ে থাকাটাও অনেকটা নিশ্চিত, তৃতীয় মনশেনগ্লাডবাখের (৫০) চেয়ে এগিয়ে তারা ৭ পয়েন্টে। ৪৮ পয়েন্ট নিয়ে বেয়ার লেভারকুসেন আছে চারে। এর বাইরে শীর্ষ চারে কারও ঢোকার সম্ভাবনা কমই।

সিরিআ

বুন্দেসলিগার মতো লড়াইটা এখানেও একপেশে, টানা চতুর্থ শিরোপা জয় থেকে নিশ্বাস-দূরত্বে জুভেন্টাস। শিরোপাদৌড়ে এতটাই তারা এগিয়ে যে, সামনের তিন ম্যাচ জিতলে ছয় ম্যাচ হাতে রেখেই পেয়ে যেতে পারে শিরোপা। ২৯ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৭০, দ্বিতীয় রোমা পিছিয়ে ১৪ পয়েন্টে! কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির একটাই আফসোস থাকতে পারে, একটুর জন্য হয়তো পয়েন্টের সেঞ্চুরি হবে না। দুই ও তিনে রোমা ও লাৎসিওর লড়াইটা জমজমাট, নগরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে আছে রোমা (৫৬)। চ্যাম্পিয়নস লিগে এই তিন ক্লাবেরই খেলার সমূহ সম্ভাবনা। অনেকেরই হয়তো প্রশ্ন জাগবে, দুই পরাশক্তি এসি মিলান ও ইন্টার মিলান কোথায়? শিরোপা লড়াই দূরে থাক, দুই দল ইউরোপিয়ান প্রতিযোগিতাতেই হয়তো খেলতে পারবে না। ৪১ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে আটে। ইন্টারের অবস্থা আরও খারাপ, ৩৮ পয়েন্ট নিয়ে ধুঁকছে দশে।

পয়েন্ট তালিকা
পয়েন্ট তালিকা

পয়েন্ট তালিকা
ইংলিশ প্রিমিয়ার লিগ
                   ম্যাচ   জয়    ড্র   হার    পয়েন্ট
চেলসি               ৩০   ২১   ৭    ২      ৭০
আর্সেনাল            ৩১   ১৯   ৬    ৬      ৬৩
ম্যান ইউনাইটেড    ৩১   ১৮   ৮    ৫      ৬২
ম্যান সিটি           ৩১   ১৮   ৭    ৬      ৬১
লিভারপুল           ৩১   ১৬   ৬    ৯      ৫৪
লালিগা
                     ম্যাচ   জয়    ড্র   হার    পয়েন্ট
বার্সেলোনা          ৩০   ২৪   ২    ৪      ৭৪
রিয়াল মাদ্রিদ        ৩০   ২৩   ১    ৬      ৭০
অ্যাটলেটিকো মাদ্রিদ ৩০  ২০   ৫    ৫      ৬৫
ভ্যালেন্সিয়া          ২৯   ১৮   ৭    ৪      ৬১
সেভিয়া              ৩০   ১৯   ৪    ৭      ৬১
বুন্দেসলিগা
                        ম্যাচ   জয়    ড্র   হার    পয়েন্ট
বায়ার্ন মিউনিখ      ২৭   ২১   ৪    ২      ৬৭
ভলফ্‌সবুর্গ           ২৭   ১৭   ৬    ৪      ৫৭
ম’গ্লাডবাখ           ২৭   ১৪   ৮    ৫      ৫০
লেভারকুসেন        ২৭   ১৩   ৯    ৫      ৪৮
শালকে              ২৭   ১১    ৭    ৯      ৪০

সিরিআ

                     ম্যাচ   জয়    ড্র   হার    পয়েন্ট

জুভেন্টাস            ২৯   ২১   ৭    ১      ৭০

রোমা                ২৯   ১৫   ১১    ৩      ৫৬

লাৎসিও             ২৯   ১৭   ৪    ৮      ৫৫

ফিওরেন্টিনা         ২৯   ১৩   ১০   ৬      ৪৯

সাম্পদোরিয়া        ২৯   ১২   ১২   ৫      ৪৮