চারপাশে অব্যবস্থাপনার ছড়াছড়ি

সাত দল নিয়ে টুর্নামেন্ট শুরুর আগের দিন যে সংবাদ সম্মেলনটা হলো মূল হোটেলে, খেলা ছাপিয়ে অপর্যাপ্ত সুযোগ-সুবিধা আর আয়োজনের জগাখিচুড়িই তাতে হয়ে উঠল বড়।
শুরুটা করেছিলেন আফগানিস্তানের কোচ পিটার সিগ্রাত। জার্মান ভদ্রলোক এত রুক্ষভাবে আয়োজকদের আক্রমণ করলেন যে, স্থানীয় সাংবাদিকেরা পর্যন্ত হতভম্ব। এই অঞ্চলের যেকোনো আয়োজনে ত্রুটিবিচ্যুতি থাকতেই পারে। সবকিছু হয় শেষ মুহূর্তে। কিন্তু এতটা অগোছালো আয়োজন মোটেও সহ্য করতে রাজি নন আফগান কোচ।
‘আমরা অনুশীলন করতে পারছি না। মাঠ নেই। মাঠে যাওয়ার বাসও পাই না। হোটেলে চেক ইন করতে ছয় ঘণ্টা বসে থাকতে হলো। কারও সাহায্য চাইলে মেলে না। সবাই দায়িত্ব এড়িয়ে যায়। এভাবে সাফ টুর্নামেন্ট হতে পারে না’—পিটার যেন জ্বালাময়ী বক্তৃতাই দিয়ে ফেললেন!
ভারতের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন মাইক্রোফোন নেওয়ার পর মনে হচ্ছিল, আয়োজক হিসেবে তিনি হয়তো ব্যাপারটা এড়িয়ে যাবেন। কিন্তু তিনি আরেক কাঠি সরেস। তীব্র ভাষায় আক্রমণ করে তাঁর বিস্ময়, ‘সাফের মতো টুর্নামেন্টে দলগুলো অনুশীলন মাঠ পাবে না, এটা ভাবা যায়!’ অনুশীলন মাঠ আছে আসলে দুটি, কিন্তু মাঠ শক্ত এবং সাত দলের জন্য অপর্যাপ্ত।
৩-৪টি সাফের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতায় কনস্ট্যান্টাইন স্থানীয় সংস্থার সঙ্গে সাফকেও তোলেন কাঠগড়ায়, ‘উয়েফা সব টুর্নামেন্ট করে নিজেদের হাতে। এখানে সাফ কী করছে আমরা জানি না।’ উত্তরটা খানিক বাদেই পাওয়া গেল সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের মুখে। সংবাদ সম্মেলনে ফাটানো একের পর এক ‘বোমা’র শব্দ তিনি পাচ্ছিলেন পাশে দাঁড়িয়েই। পরে চেহারায় অসহায়ত্ব ফুটিয়ে বললেন, ‘টুর্নামেন্টটা করার দায়িত্ব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। সব টাকাপয়সা দিয়ে দেওয়া হয়েছে তাদের। কিন্তু কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ওদের দ্বন্দ্ব। ফলে কোনো কাজ ঠিকভাবে হচ্ছে না। এখানে সাফের কিছু করার নেই।’ সাফ আসলে নীরব দর্শকই। সবকিছু করছে স্পনসর ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ। তিরটা তাদের দিকে যেতেই প্রতিষ্ঠানের মিডিয়াপ্রধান সঙ্গীতা কুলকার্নি অব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নই থামিয়ে দিলেন।

কিন্ত তোপ থেকে বাঁচতে পারলেন কই! হোটেলে চেক ইন করতে গিয়ে ভারতীয় দলেরও কয়েক ঘণ্টা লবিতে কেটেছে, যা বলতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন কনস্ট্যান্টাইন। নেপাল পড়েছে আরেক সমস্যায়। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা আর ভুটানের আবাসস্থল ‘তাজ হোটেল’ মনে করে বিমানবন্দর থেকে ড্রাইভার নেপাল দলকে নিয়ে গিয়েছেন ২০ মাইল দূরের আরেক তাজে!
নেপালের কোচ প্যাট্রিক অসেমস একটু মজাও করলেন, ‘খেলাটা কি কেরালায় হচ্ছে, নাকি দিল্লিতে—বোঝা কঠিন। হোটেল, মাঠ, স্টেডিয়াম—একেকটি এত দূরে দূরে যে, যাওয়া-আসাতেই সময় পার!’ শ্রীলঙ্কার কোচ সামপাথ পেরেইরাও এক হাত নিলেন এসব চিত্র তুলে ধরে। একমাত্র বাংলাদেশ কোচ মারুফুল হকই শান্ত গলায় বললেন, ‘আমরা এসব সমস্যার সঙ্গে অভ্যস্ত।’
কিন্তু সমস্যা এত বেশি যে, অভিযোগ শেষই হয় না! আন্তর্জাতিক নিয়মে খেলোয়াড়দের সবার আলাদা বিছানা হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ দলের হোটেলে এক বিছানায় দেওয়া হয়েছে দুজন করে খেলোয়াড়। মিডিয়া ম্যানেজার তো রুমই পাননি! বাংলাদেশ দল এ নিয়ে বেশ ক্ষুব্ধ। নিয়ম অনুযায়ী ৩০ জন থাকতে পারলেও আফগানিস্তান এসেছে ৪১ জন নিয়ে। টাকা দিয়ে তারা রুম নেওয়ায় অন্যরা পড়ে গেছে বিপদে।
কাল সকালে তো আরেক বিপদ, বাংলাদেশ দল টিম মিটিংয়ের জন্য সভাকক্ষ খুঁজছিল। কিন্তু হোটেল কর্তৃপক্ষ না বুঝেই পাঁচ হাজার রুপি দাবি করে বসল। এই হলো সাফের আয়োজন!