চারবার গ্রুপ থেকেই বাদ পড়া বাংলাদেশ এবার ফাইনালে খেলতে চায়

জামাল ভূঁইয়া এবার সাফে ফাইনালে খেলতে চানছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাল ভূঁইয়ার আত্মবিশ্বাসের প্রশংসা করতেই হয়! সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গত চারটি সংস্করণের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এবার সরাসরি ফাইনালে খেলার প্রত্যাশার কথা শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য আগামীকাল দুপুরে ঢাকা ছাড়বেন জামাল, তপু বর্মণরা।

১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। ৪, ৭ ও ১৩ অক্টোবর বাংলাদেশ যথাক্রমে খেলবে ভারত, মালদ্বীপ ও নেপালের বিরুদ্ধে। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

কোচ ব্রুজোনের কাছ থেকে পরিকল্পনা পেয়ে গেছেন জামাল ভূঁইয়া
ছবি: তানভীর আহাম্মেদ

‘ম্যাচ বাই ম্যাচ’ জিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন জামালের। দেশ ছাড়ার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শেষ কয়েক দিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে চায়। আমরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই। আমরা সবাই আত্মবিশ্বাসী এবং আশা করি, এই টুর্নামেন্ট থেকে কিছু সাফল্য নিয়ে আসতে পারব।’

এবার সাফেে জামাল–ব্রুজোন জুটি
ছবি: তানভীর আহাম্মেদ

২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফে প্রথমবারের মতো খেলেন জামাল। ব্যক্তিগতভাবে এবার চতুর্থবারের মতো খেলতে যাচ্ছেন তিনি। প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে জামালের মূল্যায়ন, ‘প্রথম ম্যাচ যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে, তাই আমাদের মূল প্রতিদ্বন্দ্বী এখন শ্রীলঙ্কা। ভারত র‍্যাঙ্কিং হিসাবে ফেবারিট। প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেলে ভালো শুরু হবে। ভারতের সঙ্গে না হারলেই ভালো।’

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব নিয়েছেন অস্কার ব্রুজোন। এখন পর্যন্ত মাত্র তিন দিন অনুশীলন করিয়েছেন তিনি। নতুন কোচের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না বলে জানান জামাল, ‘কোচ শুরুর দিনেই পরিষ্কার করে দিয়েছেন, আমরা কীভাবে খেলব বা কীভাবে খেলতে চাই। প্লেয়ারদের কাছ থেকে কী চান, সেটাও পরিষ্কার করে দিয়েছেন। এটা আসলেই গুরুত্বপূর্ণ। অস্কারের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না। তিনি যে কৌশলে খেলান, লিগে অনেকেই সেভাবে খেলেছে। তাই মনে করি, কোনো সমস্যা হবে না।’