
ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো এখন দুর্বার। তাঁকে যেন থামানোই যাচ্ছে না। কাল ইতিহাদে টটেনহাম হটস্পারকে ৪-১ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। সিটির চারটি গোলই করেছেন আগুয়েরো, যার দুটি পেনাল্টি থেকে।
গোলের বন্যা বইয়ে চলেছে রিয়াল মাদ্রিদও। লা লিগায় কাল রিয়াল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লেভান্তেকে, জোড়া গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগে এ নিয়ে ১৫ গোল হলো পর্তুগিজ উইঙ্গারের।
এর আগে সিটির হয়ে এক ম্যাচে ৪ গোলের কীর্তি ছিল শুধু এডিন জেকোর। ২০১১ সালে জেকোর সেই কীর্তিটাও এই টটেনহামের বিপক্ষে। আগুয়েরো অবশ্য কাল জেকোকেও ছাড়িয়ে যেতে পারতেন। কিন্তু প্রথমার্ধে আর্জেন্টাইন স্ট্রাইকারের একটি পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন টটেনহাম গোলরক্ষক উগো লরিস।
দিনটাই ছিল যেন পেনাল্টির। পুরো ম্যাচে রেফারি চার-চারটি পেনাল্টি দিয়েছেন। এর অন্তত দুটি ছিল প্রশ্নবিদ্ধ। মজার ব্যাপার, চারটি পেনাল্টির মাত্র দুটি পরিণত হয়েছে গোলে। আগুয়েরোর একটা মিস তো ছিলই, ৬২ মিনিটে পেনাল্টি নষ্ট করেছেন টটেনহাম স্ট্রাইকার রবার্তো সলদাদোও। প্রিমিয়ার লিগের এক ম্যাচে চারটি পেনাল্টি হয়েছিল এর আগে শুধু একবারই, ২০০০ সালে ব্র্যাডফোর্ড-ডার্বির ম্যাচে।
শুরুটা করেছিলেন আগুয়েরোই। ১৩ মিনিটে ডান পায়ের দারুণ এক শটে এগিয়ে দেন সিটিকে। ১৫ মিনিটেই সমতা ফেরান স্পারস মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। তার মিনিট পাঁচেক পরই ম্যাচের প্রথম পেনাল্টি থেকে দলকে আবার এগিয়ে নেন আগুয়েরো (২-১)। প্রথমার্ধ শেষ হয় এই স্কোরেই।
৬২ মিনিটে সলদাদো পেনাল্টি মিস করার পর জোড়া ধাক্কা খায় টটেনহাম। ৬৮ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার ফেদেরিকো ফ্যাজিও সিটিকে শুধু পেনাল্টিই উপহার দেননি, লাল কার্ডও দেখেন। এবার পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো। ৭৫ মিনিটে আরেকটি গোল করে আগুয়েরোই টটেনহামের ঘুরে দাঁড়ানোর ক্ষীণতম আশাটিও দেন শেষ করে। স্টার স্পোর্টস।
এক নজরে ফল
লা লিগা
লেভান্তে ০ : ৫ রিয়াল মাদ্রিদ
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যান সিটি ৪ : ১ টটেনেহাম
আর্সেনাল ২ : ২ হাল সিটি
ক্রিস্টাল প্যালেস ১ : ২ চেলসি
এভারটন ৩ : ০ অ্যাস্টন ভিলা
বার্নলি ১ : ৩ ওয়েস্ট হাম
সাউদাম্পটন ৮ : ০ সান্ডারল্যান্ড
বুন্দেসলিগা
বায়ার্ন ৬ : ০ ব্রেমেন
কোলন ২ : ১ ডর্টমুন্ড
স্টুটগার্ট ৩ : ৩ লেভারকুসেন
ফ্রেইবুর্গ ১ : ২ ভলফসবুর্গ
* প্রথমে স্বাগতিক দল