চারে তিন মেসির

ন্যু ক্যাম্পে একটা ব্যানার নিয়ে এসেছিলেন এক বার্সেলোনা সমর্থক। তাতে লেখা, ‘মেসি স্বর্গে খেললে আমি এখনই মরতে প্রস্তুত।’ এমন ‘আত্মত্যাগ’ স্বীকার করা যায় কেবল কল্পলোকেই, জাগতিকভাবে তা সম্ভবও নয়। তবে পরশু লিওনেল মেসির আরেকটি হ্যাটট্রিক দেখে ওই লোক নিশ্চয়ই আরও তৃপ্ত?
আপনি অবশ্য বলতেই পারেন, এ আর এমন কী! গত চার ম্যাচে ‘মাত্র’ তিনটি হ্যাটট্রিক হলো মেসির, মেসি মাঠে নামলে ৩ গোল তো করতেই পারেন। আগের দিন রোনালদো হ্যাটট্রিক করে লা লিগায় ২৩ হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন, পরের দিনই মেসি ব্যবধানটা কমিয়ে দুইয়ে নামিয়ে আনলেন। মেসি-রোনালদো দুজনই একই সপ্তাহে হ্যাটট্রিক করেছেন, এ ঘটনাও বিরল নয়। ২০১৩-১৪ মৌসুম ছাড়া ২০১০-১১ থেকে প্রতি মৌসুমেই একবার করে দুজন একই সপ্তাহে এই কীর্তিটা করে দেখিয়েছেন।
দুজন যে নিজেকে অন্যদের পেছনে ফেলে অন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেটি আরেকটা পরিসংখ্যান থেকেও বোঝা যাবে। ২০০৯ সালে রোনালদো আসেন লা লিগায়, সেই বছরের আগস্ট থেকে পরশু পর্যন্ত মেসির গোল ২০২টি, রোনালদোর তার চেয়ে দুটি কম। ৮০ গোল নিয়ে করিম বেনজেমা আছেন তিনে!
এসপানিওলের সঙ্গে ৫-১ গোলের জয়টা বার্সেলোনার জন্যও এমন কিছু নয়। ২০০৯ সালের পর থেকে ন্যু ক্যাম্পে জিততেই পারেনি এসপানিওল। তবে শুরুতে কিন্তু লা মাসিয়া থেকেই উঠে আসা সার্জিও গার্সিয়ার গোলে বার্সেলোনা পিছিয়েই পড়েছিল। এরপর বাঁ পায়ের দুর্দান্ত গোলে প্রতিপক্ষের গোলপোস্টের দুয়ার সেই যে খুলে ফেললেন মেসি, এরপর সেই দুয়ার দিয়ে আরও চারবার ঢুকেছে বল। জেরার্ড পিকে যে বললেন, ‘মেসিকে নিয়ে কোনো শব্দই যথেষ্ট নয়। সে আমাদের এত কিছু দিয়েছে, আমার আসলেই মনে হয় আমাদের জন্য সে যা করেছে তার সবটুকু বলা সম্ভব নয়’—এটিকেও এখন সাধারণই মনে হবে। ইভান রাকিটিচের কণ্ঠেও একই সুর, ‘আমি জানি একই কথার পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে, ও বাকিদের চেয়ে অনেক অনেক আলাদা।’ বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন ম্যাচ নিয়েই, ‘মেসি আজ শুধু গোলই করেনি, গোলের সুযোগও সৃষ্টি করেছে। অবদান রেখেছে রক্ষণকাজেও।’ ও হ্যাঁ, পরশু বার্সেলোনার হয়ে বাকি দুটি গোল করেছেন জেরার্ড পিকে ও বদলি হিসেবে নামা পেদ্রো রদ্রিগেজ। এএফপি, গোলডটকম।