চার্লটন-মরিনহোর সন্ধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববি চার্লটনের সঙ্গে মরিনহো
ববি চার্লটনের সঙ্গে মরিনহো

নতুন চাকরিতে প্রথম দিন। কাজের চেয়ে শুভেচ্ছা বিনিময়টাই বেশি হওয়া স্বাভাবিক। তবে হোসে মরিনহোর একটা ‘শান্তি চুক্তি’রও দরকার ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যাঁর নাম সমার্থক, সেই স্যার ববি চার্লটনের সঙ্গে তো সম্পর্ক একটু উষ্ণ করার দরকার ছিল!
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে গত সপ্তাহে। মরিনহো কাল প্রথমবারের মতো পা রেখেছেন ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটনে। সঙ্গে ছিলেন ইউনাইটেডের প্রধান নির্বাহী এড উডওয়ার্ড। দেখা হলো ইউনাইটেড কিংবদন্তি ববি চার্লটনের সঙ্গে।
এমন নয়, মরিনহোর সঙ্গে চার্লটনের সম্পর্কটা খারাপ। তবে পর্তুগিজ কোচকে ইউনাইটেডে আনার ব্যাপারে বরাবরই বিরোধিতা করেছেন বিশ্বকাপজয়ী এই ইংলিশ ফুটবলার। ২০১২ সালে মরিনহো ছিলেন রিয়াল মাদ্রিদে। তখন বার্সা কোচ টিটো ভিলানোভার চোখে আঙুল দিয়ে টোকা দিয়েছিলেন। তখন চার্লটন মরিনহোর সমালোচনা করে বলেছিলেন, ‘একজন ইউনাইটেড কোচ এটা কখনোই করবেন না। মরিনহো কোচ হিসেবে খুবই ভালো, কিন্তু এই কাজটা আমি অন্তত কখনো পারতাম না। এ জন্যই তাঁকে আমার পছন্দ করা কঠিন। যদিও সে কোচ হিসেবে ভালো।’ পরের বছর স্যার অ্যালেক্স ফার্গুসনের বিচারে মরিনহোকে ওল্ড ট্রাফোর্ডে আনার একটা কথাও উঠেছিল। গুঞ্জন আছে, চার্লটনের আপত্তিতে সেই চিন্তা বাতিল হয়ে যায়।
এবার অবশ্য চার্লটন আপত্তি করুন আর নাই করুন, মরিনহো ইউনাইটেডে এসেছেন। মরিনহো নিজেই বরফ গলানোর ব্যাপারে বেশি উদ্যোগী ছিলেন, দেখা হওয়ার পর জড়িয়ে ধরেছেন তাঁকে। ১৯৬৬ বিশ্বকাপে চার্লটনের ইংল্যান্ড পর্তুগালকে হারিয়ে ফাইনালে উঠেছিল। সেটা নিয়েও মরিনহো রসিকতা করেছেন, ‘আপনি তো আমার দেশকে ফাইনালেই উঠতে দেননি। তারপরও আপনার জন্য শুভকামনা।’ ৭৮ বছর বয়সী চার্লটনও মৃদু হেসে জানিয়েছেন, ‘আমি তোমাকে এখানে দেখতে পেরে খুশি।’ মরিনহোও রসিকতা করে বলেছেন, প্রশংসা যেন ম্যাচ জয়ের জন্য জমিয়ে রাখেন!
ক্যারিংটনে মরিনহোর প্রথম দিনটা ভালোই গেল! এএফপি।