চার্লটনকে ছাড়িয়ে রুনি

কী দুর্দান্ত সময়েই না রেকর্ড গড়লেন ওয়েইন রুনি! ম্যাচ তখন শেষ হয় হয়। স্টোক সিটির বিপক্ষে ০-১ গোলে পিছিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। একটা কিছু না করলে হেরে যায় দল। এমন কঠিন পরিস্থিতিতেই এগিয়ে এলেন ওয়েইন রুনি। দলকে হারের হাত থেকে বাঁচালেন। ইউনাইটেডের হয়ে গড়লেন সর্বোচ্চ গোলের রেকর্ড।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি-কিক পায় ইউনাইটেড। দূরত্ব আর অ্যাঙ্গেল এমন ছিল, যেখান থেকে বেশির ভাগ খেলোয়াড়ই হয়তো মাপা একটি ক্রস করার কথা ভাববেন। কিন্তু রুনি ভাবলেন অন্য রকম। বাঁকানো কিক নিলেন। দূরের পোস্ট দিয়ে বল জড়িয়ে গেল স্টোক সিটির জালে। ববি চার্লটনকে ছাড়িয়ে ইউনাইটেডের সর্বোচ্চ গোলের রেকর্ডটি হয়ে গেল শুধুই তাঁর।
স্টোক সিটির মাঠে কাল ১৯ মিনিটে হুয়ান মাতার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। রুনির গোলেই একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল তারা। ২০০৪ সালে এভারটন থেকে ইউনাইটেডে নাম লেখানোর পর ৫৪৬ ম্যাচ খেলে এটি রুনির ২৫০তম গোল। ১৯৫৬ থেকে ১৯৭৩—১৭ বছরের ক্যারিয়ারে ইউনাইটেডের হয়ে ৭৫৮ ম্যাচে চার্লটন করেছিলেন ২৪৯ গোল। তাঁকে রুনির ছাড়িয়ে যাওয়াটা দেখেছেন গ্যালারিতে বসেই। ম্যাচ শেষে ইংলিশ কিংবদন্তি ড্রেসিংরুমে গিয়ে অভিনন্দনও জানিয়ে এসেছেন রুনিকে।
একই দিনে লিগে টানা ১৭ ম্যাচ পর অ্যানফিল্ডে হেরেছে লিভারপুল। নিজেদের মাঠে কাল ইয়ুর্গেন ক্লপের দলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে সোয়ানসি। প্রথমার্ধে চার-পাঁচটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লালানা-কুতিনহোরা। সেটির মূল্যই দিতে হলো দ্বিতীয়ার্ধে। ৪৮ থেকে ৫২—চার মিনিটে দুটি গোল করেন সোয়ানসি স্ট্রাইকার ফার্নান্দো ইয়োরেন্তে। ৫৫ ও ৬৯ মিনিটে রবার্তো ফিরমিনো গোল দুটি শোধও করে দেন। তবে ৭৪ মিনিটে গিলফি সিগুর্ডসনের গোলে জিতে যায় সোয়ানসি।
স্প্যানিশ লিগে সার্জিও রামোসের জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে হারিয়েছে মালাগাকে। তথ্যসূত্র: বিবিসি।