চার্লটনের পাশে রুনি

অপেক্ষায় ছিল ওল্ড ট্রাফোর্ড। অপেক্ষায় ছিলেন অ্যালেক্স ফার্গুসন। এক যুগ আগে ওয়েইন রুনিকে তো দলে টেনেছিলেন এমন মুহূর্তের অপেক্ষাতেই। গ্যালারিতে ছিলেন স্যার ববি চার্লটনও, যাঁর রেকর্ডে ভাগ বসালেন রুনি। কাল এফএ কাপে রিডিংয়ের বিপক্ষে ম্যাচের ৭ মিনিটেই এল সে মুহূর্ত। বাঁ প্রান্ত থেকে অ্যান্থনি মার্শিয়ালের কাছ থেকে হুয়ান মাতার পা ঘুরে বল রুনির কাছে। তাঁর হাঁটু ছুঁয়ে বল চলে গেল জালে। ব্যস, যৌথভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন রুনি।
ইউনাইটেডের জার্সিতে ২৪৯ গোল করে চার্লটনের পাশে বসেছেন এই ফরোয়ার্ড। তবে পূর্বসূরিকে ছুঁতে ২১৫ ম্যাচ কম খেলতে হয়েছে রুনিকে। বিশ্বকাপজয়ী ইংলিশ কিংবদন্তি ইউনাইটেডের হয়ে খেলেছিলেন ৭৫৮ ম্যাচ। আর কালকের ম্যাচটি ছিল রেড ডেভিলদের জার্সিতে রুনির ৫৪৩তম ম্যাচ। অধিনায়কের রেকর্ড ছোঁয়ার ম্যাচে সহজ জয় পেয়েছে ইউনাইটেডও। রিডিংকে ৪-০ গোলে হারিয়ে কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছে ইউনাইটেড। গোলডটকম।