চিঠিটা কোথাও হারিয়ে গেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির বিয়েতে (বাঁয়ে) ম্যারাডোনার অনুপস্থিতি চোখে পড়েছে সবারই l ফাইল ছবি
মেসির বিয়েতে (বাঁয়ে) ম্যারাডোনার অনুপস্থিতি চোখে পড়েছে সবারই l ফাইল ছবি

কত কত তারকা এসেছেন লিওনেল মেসির বিয়েতে। বেশির ভাগই ফুটবল জগতের, ছিলেন শো-বিজেরও অনেক তারা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম এটিকে বলছে শতাব্দী-সেরা বিয়ে। আর তাতেই কিনা নেই সম্ভবত আর্জেন্টিনার প্রিয়তম সন্তান—ডিয়েগো ম্যারাডোনা! ক্যারিয়ারের শুরুর দিকে যাঁর সঙ্গে নিয়তই তুলনা হতো মেসির, এখনো হয়, ২০১০ বিশ্বকাপের মেসির কোচও ছিলেন যিনি, সেই ম্যারাডোনাকেই বিয়েতে নিমন্ত্রণ করেননি মেসি!

ম্যারাডোনা অবশ্য তাতে রাগ করছেন না। উত্তরসূরির প্রতি তাঁর ভালোবাসাও একরত্তি কমেনি। বরং মজা করেই বলেছেন, মেসি বিয়েতে তাঁকে দাওয়াত ঠিকই করেছিলেন, তবে বিয়ের চিঠিটা সম্ভবত কোথাও হারিয়ে গেছে।

কনফেডারেশনস কাপ দেখতে এই মুহূর্তে রাশিয়ায় আছেন ম্যারাডোনা। রাশিয়ারই দৈনিক পত্রিকা সোভেতস্কিই স্পোর্তকেআর্জেন্টাইন কিংবদন্তি জানিয়েছেন মেসির বিয়ে নিয়ে তাঁর অনুভূতি, ‘মেসিকে আমি অভিনন্দন জানাই। ও জানে আমি ওকে কতটা ভালোবাসি। আমার নিমন্ত্রণপত্রটা হয়তো কোথাও হারিয়ে গেছে, তবে এটির জন্য মেসির প্রতি আমার মনোভাব একটুও বদলাবে না। ও দুর্দান্ত একজন খেলোয়াড়, খুব ভালো একজন মানুষও।’

অবশ্য মেসির বিয়েতে ম্যারাডোনা ছাড়াও এমন অনেকেই ছিলেন না, যাঁরা থাকাটা ছিল প্রত্যাশিত। অন্তত মেসিকে দূর থেকে দেখেন এমন মানুষেরা তো পেপ গার্দিওলা, লুইস এনরিকেদের মেসির বিয়েতে দেখবেন বলেই আশা করেছিলেন। গোলডটকম।