ঠিকই বলেছিলেন রিভার প্লেট সভাপতি ডি’ওনোফ্রিও—রিভার প্লেট হেরে গেছে বলে লিওনেল মেসিকে যারা হেনস্তা করেছে, তারা অপদার্থ। অপদার্থ না হলে কী, রিভার প্লেটের শুভাকাঙ্ক্ষী মেসিকে চিনতে ভুল করে! ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সার কাছে ৩-০ গোলে হারের পেছনে কাতালান দলটির আর্জেন্টাইন প্লে-মেকারের ভূমিকাকেই বড় করে দেখেছে রিভার প্লেট সমর্থকেরা। তাঁর প্রতি রিভার প্লেট সমর্থকদের ক্ষোভটা নগ্নভাবে প্রকাশ পায় টোকিওর নারিতা বিমানবন্দরে। মেসিকে দেখে অপমানজনক কথা বলতে শুরু করে তারা। কেউ কেউ থুতুও ছুড়ে দেয় তাঁর দিকে। কিন্তু আর্জেন্টাইন দলটির প্রতি মেসির যে দুর্বলতা আছে সেটি তারা বোঝার চেষ্টাও করেনি। সেই দুর্বলতা প্রকাশ পেল ঘটনার সপ্তাহ খানেকেরও বেশি সময় পর একটা ছবিতে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাসতে থাকা সে ছবিতে মেসি পরে আছেন রিভার প্লেটের জার্সি! রিভার প্লেটের ওই সমর্থকেরা সত্যিই অপদার্থ! সিবিএস স্পোর্টস।