চিনে নিন ব্রাজিলের নতুন কোচকে

বাচ্চির কাছেই ভার পড়ছে ব্রাজিলের ফুটবলকে বাঁচানোর। আদেনর লিওনার্দো বাচ্চি অবশ্য আর সব ব্রাজিলিয়ানের মতো আসল নামে নয়, পরিচিত ডাকনামে। টিটে নামে পরিচিত এই কোচ ২০১২ সালে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানসকে নিয়ে গিয়েছিলেন অন্য এক উচ্চতায়। ক্লাব–ইতিহাসে প্রথম কোপা লিবার্তাদোরেস জেতানোর পাশাপাশি চেলসিকে হারিয়ে জিতিয়েছিলেন ক্লাব বিশ্বকাপও। সেই টিটেকেই নতুন কোচ ঘোষণা করল ব্রাজিল। টিটে অবশ্য অলিম্পিক ফুটবলে দায়িত্ব পালন করবেন না। অনূর্ধ্ব ২০ দলের কোচ রজারিও মিকালে সেই দায়িত্ব পালন করবেন।
২৯ বছর পর কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিল বিদায় নেওয়ার পর বিদায় নিতে হয় কোচ দুঙ্গাকেও। টিটের চেয়ে মিকেলের কাজটাই বেশি কঠিন হয়ে যাচ্ছে। মানসিকভাবে ভেঙে পড়া দলটাকে চাঙা করে তুলতে হবে রিও অলিম্পিকের জন্য। এই অলিম্পিক দলের খেলোয়াড়ের ওপর চাপ বেড়ে যাচ্ছে নানা কারণে। কোপার এই ব্যর্থতা তো আছেই, একই সঙ্গে নিজেদের মাটিতে গত বিশ্বকাপের হতাশা ব্রাজিল ভুলতে চায় অলিম্পিক ফুটবলের অধরা সোনাটি দিয়ে।
এখনো আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের ফুটবল সংস্থা (সিবিএফ) ঘোষণা দেয়নি। তবে বার্তা সংস্থাগুলোসহ সব সংবাদমাধ্যম নিশ্চিত করেছে আনুষ্ঠানিক ঘোষণা কেবলই আনুষ্ঠানিকতা। করিন্থিয়ানসও বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ক্লাবের কোচের পদে টিটে থাকছেন না। ক্লাবের প্রয়োজনের চেয়ে দেশের প্রয়োজনটাই বড়। ২০১২ সালে এই ক্লাবকে সাফল্যের শীর্ষে নিয়ে গিয়ে তিন দুই বছরের ছুটিতে চলে গিয়েছিলেন টিটে। পরে আবারও দলের দুঃসময়ে হাল ধরে গত বছর করিন্থিয়ানসকে লিগ শিরোপা জিতিয়েছেন।
৫৫ বছর বয়সী এই কোচ ড্রেসিংরুমে কড়া নিয়মকানুনের জন্য সুখ্যাত। ব্রাজিল দলে এটাই এখন সবচেয়ে বেশি জরুরি। তবে দুঙ্গার মতো তিনিও অনেকটা রক্ষণাত্মক কৌশলের। চার বছর আগে ‘দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ’ লিবার্তাদোরেস জিতিয়েছিলেন যে ফরম্যাটে সেটি সংবাদমাধ্যমে ৪-৬-০ নামে বিখ্যাত হয়ে যায়। অবশ্য ছুটিতে থাকার সময় কেবল ইউরোপে ঘুরেছেন। এ সময় ইউরোপীয় ফুটবল তাঁর কৌশলগত দর্শনে পরিবর্তন এনেছে। টিটে এখন অনেক বেশি আক্রমণাত্মক। ব্রাজিলের জন্য তিনিই সবচেয়ে যোগ্য।
তবে রাতারাতি সব বদলে যাবে—এমনটা আশা না করার জন্য ব্রাজিল সমর্থকদের সতর্ক করে দিয়েছেন প্রভাবশালী কলামিস্ট জুকা কেফুরি, ‘উনি জয়ের ধারার মধ্যে আছেন, ব্রাজিলের ফুটবলকে কক্ষপথে ফেরানোর পরিকল্পনাও আছে ওনার। তবে উনিও কিন্তু ফলনির্ভর ফুটবলের দর্শনেই বিশ্বাসী। দুঙ্গার চেয়ে উনি বেশি কার্যকর হবেন বলেই মনে করি। তবে ব্রাজিলের ফুটবলের এখন যেসব সমস্যা, কোচ বদলালেই তা শেষ হয়ে যাবে না।’
ব্রাজিলের এখনকার ফুটবলের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে আছে দুর্নীতি। কেফুরিও বলেছেন, সিবিএফের সাবেক ও বর্তমান প্রধান টিসেরা, মারিন, দেল নেরোদের প্রভাববলয় থেকে বের করে আনতে হবে ব্রাজিলের ফুটবল থেকে।
ব্রাজিলের ফুটবলের সবচেয়ে সফল ও অভিজ্ঞ কোচদের একজন লুইজ ফেলিপে স্কলারির কাছ থেকে ডাকনামটা পেয়েছিলেন টিটে। চোটের কারণে মাত্র ২৮ বছর বয়সে খেলা ছেড়ে দ্রুতই কোচ হিসেবে নাম লেখান। ২০০১ সালে গ্রেমিওকে ব্রাজিলিয়ান কাপও জিতিয়েছিলেন। তবে টিটেকে আজীবন রেনেসাঁর দূত হিসেবে মনে রাখবে করিন্থিয়ানস। এখন ব্রাজিলের ফুটবলেও পুনর্জাগরণ তিনি এনে দিতে পারেন কি না, সেটাই দেখার।