চিন্তিত সালাউদ্দিন
তাঁর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ভুটান-বাধা পেরোতে না পারলে আগামী বছর তিনেক জাতীয় দল ফিফা-এএফসির ম্যাচ পাবে না। আর এটাই কাজী সালাউদ্দিনের ঘুম কেড়ে নিয়েছে। বাফুফে সভাপতি কোনো কাজেই স্বস্তিবোধ করছেন না। যদিও দলের মনোযোগে সমস্যা হয় এমন কথা বলতে চান না এই মুহূর্তে। তবে কাল স্বীকার করতে বাধ্যই হলেন, ‘এই ম্যাচের ওপর আমাদের ফুটবলের অনেক কিছু নির্ভর করছে। তাই ভীষণ দুশ্চিন্তায় আছি। একটা অস্থির সময় যাচ্ছে।’
অস্থিরতা আরও বেড়ে গেছে যখন জানলেন, কাল দল ঘোষণার আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে জাতীয় দলের মূল একাদশ হেরেছে ৫-১ গোলে! ওটা শুনে সালাউদ্দিন বললেন, ‘তাহলে আর আশা করি কীভাবে!’ এটা স্রেফ অনুশীলন ম্যাচ, গুরুত্ব দেওয়ার কিছু নেই। কিন্তু সালাউদ্দিন আশ্বস্ত হতে পারছেন না। তাকিয়ে আছেন ১০ অক্টোবরের দিকে।
তবে ভুটান-বাধায় আটকে এশিয়ান কাপের গ্রুপ পর্বে যেতে না পারলে ঠিক করে ফেলেছেন পরবর্তী করণীয়। এশিয়ান কাপের বাছাইয়ে যেতে না পারা দলগুলোর জন্য আগামী মাসে মালয়েশিয়ায় সলিডারিটি কাপ হবে। সেটিতে বাংলাদেশ দল না পাঠানোর ইচ্ছা তাঁর। আগামী বছর ডিসেম্বরে ঢাকায় সাফ টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়াই ভালো মনে করছেন সালাউদ্দিন।