চিরতরে ছুটি মালান্দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনিয়র মালান্দা
জুনিয়র মালান্দা

মাত্র ২০ বছর বয়স। পৃথিবীর রূপ-রস-গন্ধ বলতে গেলে কিছুই মাখা হয়নি, পুরো জীবনটাই পড়ে ছিল সামনে। জুনিয়র মালান্দার জীবনটাই ফুরিয়ে গেল, তিনি এখন শুধুই স্মৃতি। পরশু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চিরতরে চলে গেছেন জার্মান ক্লাব ভলফ্সবুর্গের এই বেলজিয়ান মিডফিল্ডার।
শীতকালীন ছুটিতে পরশু দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল ভলফ্সবুর্গের। দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য হ্যানোভার বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন। গাড়িতে মালান্দা ছিলেন পেছনের সিটে, সঙ্গে ছিলেন ড্রাইভারসহ আরও একজন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা ধাক্কা খায় পাশের একটা গাছে, কয়েকবার ডিগবাজিও খায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মালান্দার।
বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। সিনিয়র ক্যারিয়ার শুরু ফ্রেঞ্চ ক্লাব লিলের হয়ে। ২০১৩ সালে যোগ দেন ভলফ্সবুর্গে, এই মৌসুমে খেলেছেন দশটি ম্যাচে। সর্বশেষ গত ২০ ডিসেম্বর কোলনের বিপক্ষে মাঠে নেমেছিলেন। ইউরোপা লিগে খেলেছিলেন এভারটনের সঙ্গেও।
তরুণ এই মিডফিল্ডারের অকালপ্রয়াণে এখন শোকস্তব্ধ ভলফ্সবুর্গ। দক্ষিণ আফ্রিকা সফরটি বাতিল করেছে ভলফ্সবুর্গ। ক্লাবের বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডে ব্রুইন টুইটারে মান্দালার সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করেছেন। ডেনিশ স্ট্রাইকার নিকোলাস বেন্ডনার টুইট করেছেন, ‘ও শুধু একজন ভালো খেলোয়াড়ও ছিল না, মানুষ হিসেবেও ছিল অসাধারণ।’ বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকুর টুইটটা বলে দিচ্ছে দুজনের সম্পর্ক কতটা গভীর ছিল, ‘ভাই, কেন এত তাড়াতাড়ি চলে গেলে? বিশ্বাস করতে পারছি না তুমি আর নেই।’ এএফপি।