চিলিতে ফিলিস্তিনি উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে সান্তিয়াগোর সান্তা লাওরা স্টেডিয়ামে উরুগুইয়ান ক্লাব মন্টেভিডিও ওয়ান্ডারার্সের বিপক্ষে কোপা লিবার্তাদোরেসের এক ম্যাচে গ্যালারিতে প্যালেস্তিনো ক্লাবের সমর্থকদের উচ্ছ্বাস l এএফপি
গত মাসে সান্তিয়াগোর সান্তা লাওরা স্টেডিয়ামে উরুগুইয়ান ক্লাব মন্টেভিডিও ওয়ান্ডারার্সের বিপক্ষে কোপা লিবার্তাদোরেসের এক ম্যাচে গ্যালারিতে প্যালেস্তিনো ক্লাবের সমর্থকদের উচ্ছ্বাস l এএফপি

নামটা শুনে যে কেউ বিভ্রান্ত হতে পারে। চিলির ক্লাবের নাম প্যালেস্তিনো কেন হবে! ফিলিস্তিনের ক্লাব হলেই বেশি মানানসই হতো না?
সেই বিভ্রান্তি দূর করতে হলে জানতে হবে ক্লাবটির জন্ম-ইতিহাস। আর তখনই বোঝা যাবে কেন চিলির ক্লাব হয়েও ফিলিস্তিনের সঙ্গে এটির আত্মিক সম্পর্ক। কেন ৩৬ বছর পর প্যালেস্তিনো আবার কোপা লিবার্তাদোরেসে খেলছে বলে উচ্ছ্বসিত সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফিলিস্তিনিরা।
আঠারো শতকের মাঝামাঝি ক্রিমিয়ার যুদ্ধের পর মধ্যপ্রাচ্য থেকে বিশালসংখ্যক ফিলিস্তিনি পাড়ি জমিয়েছিলেন লাতিন আমেরিকায়। উনিশ শতকের মাঝামাঝি ফিলিস্তিন যুদ্ধের পর আরও একবার। দেশত্যাগী এই ফিলিস্তিনিদের বেশির ভাগই অভিবাসী হিসেবে আশ্রয় নিয়েছিলেন চিলিতে। সেখানেই তাই গড়ে উঠেছে মধ্যপ্রাচের বাইরে সবচেয়ে বড় ফিলিস্তিনি কমিউনিটি। সংখ্যাটা ছোট নয় মোটেও, এখন লাখ পাঁচেক ফিলিস্তিনি থাকেন চিলিতে! অভিবাসী সেই চিলিয়ানরাই ১৯২০ সালে প্রতিষ্ঠা করেন দেপোর্তিভো প্যালেস্তিনো নামে এ ক্লাবটি। ধীরে ধীরে যেটি নিজের জায়গা করে নিয়েছে চিলিয়ান ফুটবলে এবং লাতিন আমেরিকান ফুটবলেও। প্রতিষ্ঠার প্রায় তিন যুগ পর ১৯৫৫ সালে চিলির জাতীয় চ্যাম্পিয়নশিপও জেতে প্যালেস্তিনো। ১৯৭৮ সালে দ্বিতীয়বারের মতো এ শিরোপা জিতে জায়গা পায় দক্ষিণ আমেরিকার সেরা ক্লাবের লড়াই কোপা লিবার্তাদোরেসে। ১৯৭৯ সালের ওই কোপা লিবার্তাদোরেসে সেমিফাইনালেও খেলেছিল প্যালেস্তিনো। ক্লাবের এই সাফল্যে যেন নিজেদের নতুন একটা পরিচয় খুঁজে পান চিলির অভিবাসী ফিলিস্তিনিরা। ছোট ওই ক্লাবটাকে ঘিরেই তখন শুরু হয় তাদের উন্মাদনা। যে উন্মাদনা পরে স্পর্শ করে হাজার মাইল দূরের ফিলিস্তিনের জনগণকেও। ভিনদেশের ওই ক্লাবটার সঙ্গে আত্মিক সম্পর্ক খুঁজে পান তাঁরা। গত কয়েক দশকে এই সম্পর্কের বাঁধন মজবুত হয়েছে আরও।
ওই সাফল্যের পর অবশ্য দীর্ঘদিন আর বড় সাফল্যের মুখ দেখেনি প্যালেস্তিনো। তবে তাতে ক্লাবের প্রতি ভালোবাসা কমেনি সমর্থকদের। অবশষে প্রায় তিন যুগ পর আবার প্যালেস্তিনো কোপা লিবার্তাদোরেসে জায়গা পেয়ে যেন নতুন করে চাঙা করে দিল তার সমর্থকদের। প্রথম রাউন্ডে উরুগুয়ের ক্লাব ন্যাসিওনালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে প্যালেস্তিনো। চিলির ফিলিস্তিনি অভিবাসীরা তো বটেই, সারা বিশ্বের ফিলিস্তিনিরাও তাই এখন গলা ফাটাচ্ছে প্রিয় ক্লাবের হয়ে। চিলির অভিবাসী ফিলিস্তিনিদের সংগঠন প্যালেস্টাইন ফেডারেশন অব চিলির প্রধান আনুয়ার মাজলুফ যেমন বলেছেন, ‘এই ক্লাবটা আমাদের মতো নিপীড়িতদের ভাষা হয়ে উঠেছে। এর সঙ্গে আমাদের সব আবেগ জড়িত।’ একই রকম আবেগ কাজ করছে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদের মধ্যে। হাজার মাইল দূরে রামাল্লার তরুণ ফুটবলপ্রেমী মনজের জাহরান বলেছেন, ‘সময়ের ব্যবধানের কারণে আমাকে মাঝে মাঝে ভোর ৫টায় উঠে প্যালেস্তিনোর খেলা দেখতে হয়। আমি তবু একটা খেলাও বাদ দিই না।’
শুরুতে আরব বংশোদ্ভূত খেলোয়াড়েরাই খেলতেন প্যালেস্তিনোতে। কিন্তু প্রতিযোগিতামূলক ফুটবলে টিকে থাকার জন্য পরে সেই নীতি থেকে সরে আসে ক্লাবটি। এখন তো আরব খেলোয়াড় খুঁজেই পাওয়া যাবে না দলে। বেশির ভাগই চিলিয়ান ও আর্জেন্টাইন ফুটবলার। তবে খেলোয়াড় যাঁরা হোন, জার্সিতে ফিলিস্তিনের কালো-লাল-সবুজ পতাকার রং তো আছে।
সেই পতাকার প্রতি ভালোবাসাই প্যালেস্তিনো ক্লাবের সঙ্গে এর সমর্থকদের বেঁধে রেখেছে একই সুতোয়। আর ভালোবাসার বাঁধন কি খুব সহজে আলগা হয়! এএফপি।