চিলির ঝাঁজে আর্জেন্টিনার কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশি-নীলের এই সমর্থকরা যেন গোটা আর্জেন্টিনা দলেরই প্রতীকী ছবি l এএফপি
আকাশি-নীলের এই সমর্থকরা যেন গোটা আর্জেন্টিনা দলেরই প্রতীকী ছবি l এএফপি

গোলবারের অনেক ওপর দিয়ে উড়ে গেল গঞ্জালো হিগুয়েইনের শট। একটু আগে আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে প্রথম শটটায় গোল করে এসেছেন লিওনেল মেসি। তখন মুখে যে হাসিটা ছিল, হিগুয়েইন মিস করায় সেটা মুহূর্তেই উধাও। হতাশায় মাথা নিচু করলেন। আর্জেন্টিনার আশার প্রদীপ অবশ্য তখনো পুরোপুরি নিভে যায়নি। নিভল এভার বানেগার পরের শটটা ক্লদিও ব্রাভো ঠেকিয়ে দেওয়ার পর। আলতো শটে সার্জিও রোমেরোকে বোকা বানিয়ে বাকি আনুষ্ঠানিকতাটুকু সারলেন চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। বলটা আর্জেন্টিনার জালে যেতেই জার্সি খুলে ভোঁ-দৌড়।
সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল লাল গোলাপের বাগান হয়ে উঠেছিল শুরু থেকেই। সানচেজ গোল করার পর সেখানে ঢেউ উঠল, সঙ্গে গর্জন। সেই গর্জনের মাঝে অন্ধকার মুখে বসে থাকলেন গুটি কয়েক আকাশি-নীল সমর্থক।
বিমর্ষ আর্জেন্টাইন খেলোয়াড়দের মুখগুলোও। টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো কোপার শিরোপা জয়ের উল্লাসে চিলির খেলোয়াড়েরা তখন উত্সবে মত্ত। সানচেজ-ভার্গাস-ভিদালরা গলাগলি করে নাচছেন। ‘আমরা চ্যাম্পিয়ন’ ‘আমরা চ্যাম্পিয়ন’ বলে চিৎকার করছেন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের জন্য ৯৯ বছরের অপেক্ষারই তো শুধু শেষ নয়, এটা যে চিলির ফুটবল ইতিহাসে প্রথম কোনো বড় ট্রফিও।
চিলির প্রায় শত বছরের অপেক্ষা শেষ হয়েছে, শেষ হয়নি কোপার ট্রফির জন্য আর্জেন্টিনার ২২ বছরের অপেক্ষা। মেসি-আগুয়েরো-ডি মারিয়া-মাচেরানোদের এই সোনালি প্রজন্ম দেশের জার্সি গায়ে আরও একবার ব্যর্থ। অথচ ম্যাচের আগেও ভিদাল-ভার্গাস-ব্রাভোদের বিপক্ষে স্পষ্ট ফেবারিট মনে হচ্ছিল তাদের। কিন্তু ফাইনালে সেটার প্রতিফলন কোথায়?
মেসি বড় হুমকি হয়ে উঠতে পারেন জেনেই তাঁর জন্য কড়া পাহারার ব্যবস্থা করেছিলেন চিলির কোচ হোর্হে সামপাওলি। জোনাল মার্কিং তো ছিলই, চিলির খেলোয়াড়েরা কয়েকবার কড়া ট্যাকলও করেন। উদ্দেশ্য পরিষ্কার, মেসিকে একচিলতে জায়গাও না দেওয়া। কিন্তু মেসি বার্সেলোনায় যখন খেলেন, তখনো তো প্রতিপক্ষ তাঁকে এভাবেই পাহারায় রাখে। এসবের মাঝেই মেসি জাদুকর হয়ে ওঠেন, কিংবা মেসির দিকে প্রতিপক্ষের অতিরিক্ত মনোযোগের সুযোগটা নেন তাঁর সতীর্থরা। পরশু না পারলেন মেসি, না পারলেন তাঁর সতীর্থরা। মেসির ফ্রি-কিক থেকে একটা হেড ছাড়া আর কিছুই করতে পারেননি আগুয়েরো। পাস্তোরেকে এদিন খুঁজে পাওয়া গেল না। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ডি মারিয়াকে বেরিয়ে যেতে হলো ২৯ মিনিটে। আর্জেন্টিনার হয়ে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটা পেয়েছিলেন হিগুয়েইন। কিন্তু মারাকানায় বিশ্বকাপের ফাইনালের মতো এদিনও যেন গোল করার বুটজোড়া বাড়িতে ফেলে এসেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। মেসির থ্রু থেকে লাভেজ্জির দেওয়া ক্রসে ঠিকঠাক পা লাগাতে না পেরে বল লাগালেন পাশের নেটে।
আহামরি কোনো ম্যাচ হয়নি। এর মধ্যেও যেটুকু পরিকল্পিত ফুটবল খেলল, সেটা চিলিই। সুযোগ নষ্ট করেছে তারাও। প্রথমার্ধে ভিদালের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়েছেন রোমেরো। নির্ধারিত সময়ের শেষ দিকে সানচেজের দুর্দান্ত ভলি বাঁ পোস্ট ঘেঁষে বেরিয়ে গেছে। অতিরিক্ত সময়ে পাল্টা-আক্রমণে মাচেরানোর ভুলে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি সানচেজ। নির্ধারিত আর অতিরিক্ত সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই নিজেদের ফুটবল ইতিহাস নতুন করে লিখল চিলি।
মেসিদের মতোই নিজেদের দেশে সোনালি প্রজন্ম বলা হয় ভিদাল-সানচেজ-ভার্গাস-ব্রাভোদের। কিন্তু এই অপবাদও বয়ে বেড়াতে হয়েছে, কিছু জিততে পারছেন না তাঁরা। নিজের মাঠে সেই অপবাদ ঘোচাতে পেরে দারুণ উচ্ছ্বসিত চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল, ‘আমাদের স্বপ্ন সত্যি হলো অবশেষে। এত দিনের পরিশ্রম সার্থক।’ হাওয়ায় উড়ছেন টাইব্রেকারে চিলির হয়ে জয়সূচক গোলটা করা সানচেজও, ‘আমরা ব্রাজিল বিশ্বকাপের পরই প্রতিজ্ঞা করেছিলাম, কোপা আমেরিকা জিতবই। আমাদের এ প্রজন্মটা দুর্দান্ত। এই ট্রফিটা আমাদের পাওনাই ছিল।’
চার বছর আগে কোপায় প্যারাগুয়ের কোচ থাকার সময় আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারানোর যন্ত্রণা উপহার দিয়েছিলেন জেরার্ডো মার্টিনো। সেই মার্টিনোই এবার তার চেয়েও বড় যন্ত্রণা পেলেন চিলির কাছ থেকে। হারটা যেন মানতে পারছেন না আর্জেন্টিনার কোচ, ‘১২০ মিনিট সমানে সমানে লড়াই হয়েছে। তবে আমি মনে করি, আর্জেন্টিনারই জেতা উচিত ছিল। অনেকগুলো সুযোগ পেয়েছি আমরা, যেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল বদলে যেত।’ মার্টিনোর চেয়েও হতাশা বেশি তাঁর মিডফিল্ডার হাভিয়ের মাচেরানোর, ‘যা হয়েছে আমাদের মেনে নিতে হবে। দুর্ভাগ্য, আমরা সমর্থকদের খুশি করতে পারলাম না। এই পরাজয় অসহনীয়, খুবই যন্ত্রণাদায়ক।’
আকাশি-নীল জার্সি গায়ে অনেক দিন ধরে যে এই যন্ত্রণাটাই সঙ্গী মেসি-মাচেরানোদের। কে জানে আরও কত দিনের জন্য! রয়টার্স, এএফপি।