
পেছনে শুধুই যন্ত্রণার গল্প। যে গল্পের ইতি এবার টানতে পারল চিলি। গত পাঁচবারের চারবারই তারা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল। তিনবারই উরুগুয়ের কাছে। গতকাল বাংলাদেশ সময় ভোরে সেই দুঃস্বপ্নের ঘেরাটোপ থেকে বেরিয়েছে চিলি, কোপার প্রথম কোয়ার্টার ফাইনালে এবার উরুগুয়েকে তারা হারের স্বাদ দিতে পেরেছে ১-০ গোলে জয় তুলে।
কিন্তু চিলির জয়ের চেয়ে মাঠের বিতর্ক নিয়েই এখন ঝড় উঠছে চায়ের কাপে। ম্যাচে বার কয়েক বিতর্ক হানা দিয়েছে সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্টালে। প্রথম ঘটনা ৬১ মিনিটে। চিলির গনজালো হারাকে আঘাত করে লাল কার্ড দেখেছেন এডিনসন কাভানি। প্রথমার্ধে ভিদালকে ফাউল করার পর তা নিয়ে অভিযোগ করতে গিয়ে হলুদ কার্ড দেখেছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার। হারা যখন মাটিতে লুটিয়ে পড়লেন, রেফারি পত্রপাঠ দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে দিলেন কাভানিকে। যদিও রিপ্লেতে দেখা গেছে, কাভানির পেছনে গুঁতো দিয়ে উসকানি দিয়েছিলেন হারাই, পড়ে যাওয়াটা অতি-অভিনয় বলেই মনে হয়েছে।
তখনো ম্যাচ গোলশূন্য, ভিদাল-সানচেজরা বারবার চেষ্টা করেও ভাঙতে পারছিলেন না গডিন-হিমেনেজদের বজ্র আঁটুনি রক্ষণ। কিন্তু ১০ জন নিয়ে আর বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যায়? ৮১ মিনিটে মরিসিও ইসলার গোলে তাই ভেঙে গেল প্রতিরোধ। সান্তিয়াগোর গ্যালারিতে ডাকল উৎসবের বান।
কিন্তু বিতর্কটা এখানেই শেষ নয়। ম্যাচের শেষ দিকে সানচেজকে ফাউল করে লাল কার্ড দেখেছেন উরুগুয়ে ডিফেন্ডার হোর্হে ফুসিলে। তা নিয়েও দুই দলের মধ্যে প্রবল উত্তেজনা, যা চলল বেশ কয়েক মিনিট ধরেই। শেষ পর্যন্ত নয়জন নিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে উরুগুয়েকে।
এমন একটা ম্যাচের পর উরুগুয়ে কোচ অস্কার তাবারেজের তির স্বাভাবিকভাবেই রেফারির দিকে, ‘কাভানির লাল কার্ডটাই দেখুন, কী হয়েছে সেটা সবাই দেখেছে। মানছি রেফারি ওটা দেখতে পাননি, কিন্তু লাইন্সম্যানের তো না দেখার কারণ নেই। ফাউল না করেই লাল কার্ড দেখলে আপনার মুখে তেতো স্বাদ আসতে বাধ্য।’ তাবারেজের দাবি, লাল কার্ড না হলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত, ‘ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ১০ জন হয়ে পড়ার পর কাজটা কঠিন হয়ে গিয়েছিল।’
কয়েক দিন আগেই উরুগুয়েতে গাড়ি দুর্ঘটনায় গ্রেপ্তার হয়েছেন কাভানির বাবা, পিএসজি স্ট্রাইকার এমনকি দেশেও ফিরতে চেয়েছিলেন। এভাবে দেশে ফিরতে হবে নিশ্চয়ই ভাবেননি! অবশ্য তাবারেজের দাবি, ‘আগের দিন যা হয়েছে সেটির সঙ্গে লাল কার্ডের কোনো সম্পর্ক নেই।’ গনজালো হারারও বিতর্কে জড়ানোর ঘটনা নতুন নয়। ২০১৩ সালে লুইস সুয়ারেজের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার পর হারাকে চড় মেরেছিলেন সুয়ারেজ। এএফপি, রয়টার্স।